ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দিন বন্ধ রাখার পর আশুগঞ্জ জিয়া সার কারখানা থেকে সার তোলা শুক্রবার সন্ধ্যা থেকে পুনরায় শুরু করেছে সাতটি জেলার ডিলাররা।
সরবরাহ করা চীনা সার নিুমানের- এ অভিযোগ তুলে সাত জেলার প্রায় ৭০০ ডিলার বুধবার সার তোলা বন্ধ করে দেয়।
সমস্যা সমাধানে শুক্রবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে ডিলাররা। এরপরই তারা সার তোলা শুরু করে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সার ডিলার সমিতির সভাপতি রুহুল আমীন ভুইয়া বকুল সাংবাদিকদের বলেন, কারখানা কর্তৃপক্ষ বলেছে, এখন থেকে চায়না সার কম নেওয়া যাবে।
চায়না সার চীন থেকে আমদানি করা। কারখানায় উৎপাদিত সারের সঙ্গে এ সারও ডিলারদের নিতে হচ্ছে।
জিয়া কারখানার ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনি সাংবাদিকদের বলেন, আগে ডিলারদের শতকরা ২৫ ভাগ চায়না সার সরবরাহ করা হতো। ডিলারদের দাবি অনুযায়ী এখন থেকে শতকরা ১৫ ভাগ চায়না সার সরবরাহের সিদ্ধান্ত হয়েছে।
ডিলাররা বলে আসছেন, চীন থেকে আমদানি করা এ সার জমির উর্বরতা শক্তি হ্রাস করে বলে কৃষকদের অভিযোগ। তাই তারা এ সার কিনতে অনাগ্রহী।
১৯৮১ সালে প্রতিষ্ঠিত জিয়া সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন হয়। এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫ লাখ ২৮ হাজার মেট্রিক টন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪০ ঘ.
bdnews24