২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার সফরে আগ্রহী পাকিস্তানের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাকিস্তান সফর বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার আশরাফ কোরেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2010, 04:48 PM

Updated : 24 Aug 2022, 07:28 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাকিস্তান সফর বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার আশরাফ কোরেশি। শুক্রবার হোটেল শেরাটনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কোরেশি বলেন, "ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। সফরের দিন এখনো নির্ধারিত হয়নি।" শেরাটনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিষয়ক এক সভার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন তিনি। সার্ক সম্মেলনের আগে শেখ হাসিনার পাকিস্তান সফরে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানান কোরেশি। ভুটানের রাজধানীত থিম্পুতে এপ্রিলের ২৮-২৯ তারিখে ১৬তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। কোরিশ জানান, সার্ক সম্মেলনে শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন গিলানি। বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার কোরেশি ৪ ফেব্র"য়ারি প্রেসিডেন্ট জিল্লুর রহমানের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। এরপর ২৫ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী দীপু মণির কাছে পরিচয়পত্র পেশের সময় প্রধানমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান কোরেশি। আওয়ামী লীগ সরকার যখন যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নিচ্ছে সেসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য পাকিস্তান সফর দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি বাংলাদেশ-ভারত-পাকিস্তানের ১৯৭৪ সালের এক ত্রিপক্ষীয় চুক্তিতেই সমাধান হয়েছে বলে দাবি করে থাকে পাকিস্তান। চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের সেসময়কার পররাষ্ট্রমন্ত্রী কামাল হোসেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী শরণ সিং এবং পাকিস্তানের প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী আজিজ আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এম/টিএ/পিডি/২২৩৭ ঘ.