গাজীপুর, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার কালনী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুক্রবার দুপুরে ছাত্রশিবিরের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা ও পরিকল্পনার উদ্দেশ্যে গোপন সভা করার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের জেলা গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা শিবিরের সাধারণ সম্পাদক মো. নাঈম মোল্লা, সদস্য মো. বাসেদ মোল্লা, সদর থানার (পূর্ব) সভাপতি আব্দুর রাজ্জাক ও কর্মী সোহেল রানা।
গাজীপুর জেলা শিবিরের সদ্য বিদায়ী সভাপতি মো. সাদেকুজ্জামান সাংবাদিকদের কাছে দাবি করেন, শুক্রবার সকাল ১০টায় ওই মাদ্রাসায় কমিটি গঠনের সভা ছিলো। সভাশেষে ফেরার পথে দুপুর ১২টার দিকে পুলিশ তাদের ষড়যন্ত্রমূলকভাবে আটক করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০১৪ ঘ.
bdnews24