বাগেরহাট, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকারের সময় বনকর্মীরা তিন ব্যক্তিকে আটক করেছে।
শুক্রবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া খাল থেকে তাদের আটক করা হয়।
তাদের বিরুদ্ধে বন আইনের ২৬ (১) ধারায় মামলা হয়েছে বলে জানিয়েছেন বন কর্মকর্তা মিহির কুমার দো।
আটককৃতরা হলেন- মংলা উপজেলার সিন্দুরতলা গ্রামের ফজলুল শেখের ছেলে এনামুল শেখ (২০), কালাম শেখের ছেলে ফখরুল শেখ (২২) ও আয়নাল শেখের ছেলে মুকুল শেখ (১৯)।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটককৃতরা বন বিভাগের পাশ ছাড়াই বনে প্রবেশ করে কীটনাশক প্রয়োগ করে জোংড়া খাল থেকে বিভিন্ন প্রজাতির মাছ শিকার করছিল।
জোংড়া ক্যাম্পের বনকর্মীরা সেখানে উপস্থিত হয়ে চার পাঁচ কেজি শিকার করা মাছসহ তাদের আটক করে।
আটককৃতদের শনিবার আদালতে পাঠানো হবে বলে বন কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৫ ঘ.
bdnews24