২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে আগুনে পুড়েছে একটি বাড়ি

খাগড়াছড়িতে বৃহস্পতিবার বাঙালিদের একটি বাড়ি আগুনে পুড়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে দমকল বাহিনী ধারণা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2010, 12:28 PM

Updated : 24 Aug 2022, 07:29 PM

খাগড়াছড়ি, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়িতে বৃহস্পতিবার বাঙালিদের একটি বাড়ি আগুনে পুড়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে দমকল বাহিনী ধারণা করছে। রাত আড়াইটার দিকে শহরের দক্ষিণে গোলাবাড়ির রাজ্যমনিপাড়া ও চৌধুরীপাড়ার মাঝামাঝি আনছুন নগরের বাড়িটিতে আগুন লাগে। ওই বাড়িতে পাঁচটি পরিবার ভাড়া থাকতো। বাড়ির বাসিন্দা মো. আরমান (১৯) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোররাতে আগুনের তাপে ঘুম ভেঙে যায়। সবাইকে জাগিয়ে তুলি। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কোনো মামলাপত্র রক্ষা করা যায়নি।" অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি। গত মাসেই পাহাড়ি-বাঙালি সংঘাতের সময় বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। তবে এ অগ্নিকাণ্ডের বিষয়ে খাগড়াছড়ি ফায়ার স্টেশনের কর্মকর্তা আবু মোহাইমিন সাংবাদিকদের বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হতে পারে। আগুনের খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে যায়। তবে তারা পৌঁছানোর আগেই বাড়িটি পুড়ে যায়। বাড়ির মালিক মো. শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৫০ হাত দীর্ঘ টিন ও বাঁশের বেড়ার তৈরি ঘরটিতে পাঁচটি পরিবার বসবাস করতো। পরিবারগুলোর বেশিরভাগ সদস্যই ট্রাক্টরের হেল্পার ও শ্রমিক হিসেবে কাজ করে। এর আগে বৃহষ্পতিবার রাত ১১টায় স্বনির্ভর এলাকায় একটি স-মিলে কাঠের গুঁড়োয় সিগারেট থেকে আগুন লাগলে দমকল বাহিনী তা নিয়ন্ত্রণে আনে। রাতে পরপর দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দিনে পরিস্থিতি স্বাভাবিক ছিলো। শুক্রবার সকালে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার আমীর জাফর ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের সময় দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে এখন পর্যন্ত কারো বিরুদ্ধে অভিযোগ আসেনি। তবে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৮১৫ ঘ.