২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া নড়াইল কিশোরগঞ্জে দুর্ঘটনায় নিহত ৪

বগুড়া, নড়াইল ও কিশোরগঞ্জে শনিবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। বগুড়ায় পিকনিকের একটি বাস খাদে পড়ে মারা যায় দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2010, 07:38 AM

Updated : 24 Aug 2022, 07:29 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া, নড়াইল ও কিশোরগঞ্জে শনিবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। বগুড়ায় পিকনিকের একটি বাস খাদে পড়ে মারা যায় দুজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর বগুড়া প্রতিনিধি জানান, সকাল সাড়ে ৮টায় সোনাতলা উপজেলার কর্পুর বাজার এলাকায় পিকনিকের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুই বাসযাত্রী নিহত হয় বলে জানান সোনাতলা থানার ওসি জিয়া লতিফুল। দুর্ঘটনায় আহত ৩০ জনকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- বাস চালকের সহকারী বগুড়া সদর উপজেলার হাজরাদিঘি এলাকার খলিল উদ্দিন (৪০) এবং বাসযাত্রী সোনাতলা উপজেলার লোহাগাড়া গ্রামের জীবন রায় (২২)। স্থানীয়রা জানায়, বাসটি লোহাগাড়া থেকে দিনাজপুরের স্বপ্নপুরী যাচ্ছিলো। কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস সকালে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের নান্দলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে একজন নিহত হয়। নিহতের নাম সিদ্দিক (৫৫) বলে পুলিশ জানিয়েছে। তার বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। দুর্ঘটনায় আহত পাঁচজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নড়াইল প্রতিনিধি জানান, পৌর এলাকার এসএম সুলতান সেতুর দক্ষিণ পাশে সকাল ১১টার দিকে বাসের ধাক্কায় একজন নিহত হন। নিহতের নাম সেলিনা রহমান (৩৭)। তিনি স্বামী মাসুদুর রহমানের সঙ্গে মোটর সাইকেলে ছিলেন। তার বাড়ি মাগুরার শালিখা উপজেলা গঙ্গারামপুর গ্রামে। নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোলেমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাসুদুর ও সেলিনা মোটর সাইকেলে করে গঙ্গারামপুর থেকে নড়াইল সদরে ফেরার সময় লোহাগড়াগামী যাত্রীবাহী একটি বাস পেছন থেকে তাদের ধাক্কা দেয়। বাসের ধাক্কায় সেলিনা মোটর সাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় মাসুদুরও আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ বাসটি আটক করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩০ ঘ.