ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ভাদুঘরে জামায়াতে ইসলামী কার্যালয়ের পাশ থেকে ৩৭টি বোমা উদ্ধার করেছে পুলিশ।
হাতে তৈরি বোমাগুলো একটি পলিথিন ব্যাগে রাখা ছিলো বলে সদর থানার ওসি হামিদুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে আল হেরা কমপ্লেক্স ভবনের পূর্ব পাশের মাঠে বোমাভর্তি ব্যাগটি পাওয়া যায়। ওই ভবনেই জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়।
পুলিশ কর্মকর্তা হামিদ বলেন, নাশকতার উদ্দেশ্যে বোমাগুলো আনা হয়েছিলো বলে ধারণা করছি।
এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি জানান।
বোমগুলোকে নিষ্ক্রিয় করতে থানায় নিয়ে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।
গতমাসেও ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরে বেশ কিছু বোমা উদ্ধার করেছিলো পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪৫ ঘ.
bdnews24