২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ি পৌর মেয়র বরখাস্ত

দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. জয়নাল আবেদীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2010, 03:50 PM

Updated : 24 Aug 2022, 07:26 PM

খাগড়াছড়ি, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. জয়নাল আবেদীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি ফ্যাক্সবার্তা বৃহস্পতিবার বিকালে পৌরসভায় পাঠানো হয়। এর একটি অনুলিপি পাঠানো হয় জেলা প্রশাসককে। আদেশে জয়নাল আবেদীনকে তিনদিনের মধ্যে এক নম্বর প্যানেল মেয়রের কাছে দায়িত্বভার বুঝিয়ে দিতে বলা হয়েছে। মেয়রকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণিত হওয়ায় মেয়রের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনদিনের মধ্যে তাকে অবশ্যই এক নম্বর প্যানেল মেয়রের কাছে দায়িত্বভার হস্তান্তর করতে হবে বলে তিনি জানান। এ বিষয়ে জয়নাল আবেদীনের সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি। ২০০৮ সালে পৌরসভার ১২ ওয়ার্ড কাউন্সিলর মেয়রের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাত, ক্ষমতার অপব্যবহার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা করেন। এরপর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তিনি হাইকোর্টে রিট করে বহাল হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪১ ঘ.