দিনাজপুর, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্ত জমি অধিগ্রহণ করে ক্ষতিপূরণ ও স্থায়ী পুনর্বাসনের দাবিতে স্থানীয়দের আমরণ অনশন কর্মসূচি চলছে।
বৃহস্পতিবার দ্বিতীয় দিন প্রায় ৫০ জন মহিলা অনশনে যোগ দেন। অনশনে অংশ নেওয়া প্রায় ৫০ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের অধিকাংশকেই প্রাথমিক চিকিৎসা ও স্যালাইন দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা দিতে গেলে অনশনকারীরা তা প্রত্যাখান করেন।
'জীবন ও সম্পদ রক্ষা কমিটি'র ব্যানারে প্রায় এক হাজার মানুষ মাথায় কাফনের কাপড় বেঁধে বুধবার দুপুর ১২টা থেকে খনির প্রধান ফটকে কর্মসূচি শুরু করে।
কমিটির আহ্বায়ক ইব্রাহীম খলিল বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের শান্তিপূর্ণ অনশন কর্মসূচি চলছে এবং তা অব্যাহত থাকবে।"
তারা বলেছে, খনি কর্তৃপক্ষ বার বার সময় দিয়েও ক্ষতিপূরণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করছে না।
অনশনকারী মরিয়ম বেগম, শায়েলা খাতুন, মশিউর রহমান বুলবুল, মুক্তিযোদ্ধা মোকছেদ ও জীবন সাংবাদিকদের বলেন, তারা ধৈর্যের সঙ্গে সরকারের কার্যকরী সিদ্ধান্তের অপেক্ষা করছি। সরকারের নীরব ভূমিকায় অনশনকারীদের কোনো ক্ষতি হলে এবং এরজন্য অশান্ত পরিবেশ তৈরি হলে এর দায় সরকারকে বহন করতে হবে।
খনি এলাকার বাসিন্দা লায়েবউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খনিতে কয়লা উত্তোলনের কারণে এলাকার সব ঘর-বাড়ি ভেঙ্গে পড়ছে, জমির মাটি ফেটে যাচ্ছে।
"আমরা এমনিতেই মরে আছি। অনশন করে মরলে যদি ক্ষতিপূরণ পাওয়া যায় তাহলে আমাদের পরিবার বেঁচে যাবে", কর্মসূচির যৌক্তিকতা ব্যাখ্যা করে বলেন তিনি।
পার্বতীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মজিব-উল ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রশাসনের পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্সসহ পাঁচ সদস্যের চিকিৎসক দল নিয়ে আমি নিজে অনশনকারীদের সহায়তা করার জন্য গিয়েছিলাম।
"কিন্তু তারা আমাদের সহায়তা প্রত্যাখান করেছেন। তারপরও আমাদের সবরকম প্রস্তুতি রয়েছে।"
অনশনস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন খনি এলাকায় কর্তব্যরত জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট সঞ্জিত কুমার।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (মাইনিং) মীর আবদুল মতিন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এলাকাবাসীর সমস্যা সমাধানের বিষয়টি এখন আমাদের হাতে আর নেই।
"ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, জমি অধিগ্রহণসহ বিভিন্ন খাতের জন্য সাড়ে তিনশ' কোটি টাকার একটি প্রস্তাব সরকারের কাছে দেওয়া হয়েছে। এখন সরকারের সিদ্ধান্তের পালা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/২০১০ ঘ.
bdnews24