ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমনা থানায় পুলিশের হেফাজতে আসামির মৃত্যুর ঘটনায় থানার ওসি ও উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে হত্যা মামলা করেছেন নিহতের স্ত্রী।
গত মঙ্গলবার নিহত জাকির হোসেনের স্ত্রী মোছা. শিল্পী বেগম বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা করেন।
যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন রমনা থানার ওসি শিবলী নোমান ও উপ-পরিদর্শক এম এ আজিজ।
মহানগর হাকিম জুলফিকার হায়াত পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপারকে আগামি ৬ জুনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার আবেদনে বলা হয়েছে, জাকিরকে প্রথমে একটি সাধারণ অভিযোগে সন্দিগ্ধ আসামি হিসাবে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ হেফাজতে নেয়। পরে রমনা থানার একটি চুরির মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করা হয়।
টাকা না দেওয়ায় আবারো হেফাজতে নিয়ে বেধড়ক পিটিয়ে 'অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা' তাকে ৯ মার্চ রাত ১২টা থেকে পরদিন সকাল ৯টার মধ্যে যে কোন সময় হত্যা করেছে বলে মামলায় বলা হয়েছে।
জাকিরকে ৪ মার্চ গোয়েন্দা পুলিশ দুদিনের এবং ৭ মার্চ রমনা থানা একদিনের হেফাজতে নেওয়ার অনুমতি পায়।
মামলায় বলা হয়, জাকিরের বাড়ি কুমিল্লার তিতাসের আলমপুর গ্রামে। তিনি নারায়নগঞ্জের ফতুল্লার সহিদনগরে থাকতেন।
বাদিপক্ষে মামলা পরিচালনা করছেন অ্যাডভোকেট মো. হবিবউল্লাহ।
মামলায় বাদিসহ সাতজনকে সাক্ষী করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৮২৬ ঘ.
bdnews24