২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটিপি না থাকায় মামলা করার নির্দেশ

পরিবেশ ছাড়পত্র ও তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) না থাকায় গাজীপুরের চারটি কারখানার বিরুদ্ধে মামলা করার জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2010, 12:15 PM

Updated : 24 Aug 2022, 07:27 PM

গাজীপুর, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ ছাড়পত্র ও তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) না থাকায় গাজীপুরের চারটি কারখানার বিরুদ্ধে মামলা করার জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে দুটি খাবারের দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর ও পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা (বিএসটিআই) পরিচালিত যৌথ ভ্রাম্যমাণ আদালত এ ব্যবস্থা নেয়। পরিবেশ অধিদপ্তরের (ঢাকা বিভাগ) ভারপ্রাপ্ত পরিচালক সুকুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, বার বার নোটিশ দেওয়ার পরও গাজীপুর সদরের কোণাবাড়ি এলাকার মোয়াজ্জেম নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড, ক্লাসিক অ্যাটায়ার্স লিমিটেড, সরদার অ্যাপারালস লিমিটেড ও এম এস নিটওয়্যারস লিমিটেড পরিবেশ ছাড়পত্র ও ইটিপি ছাড়া কারখানা চালাচ্ছে। কারখানাগুলোর তরল বর্জ্য পার্শ্ববর্তী খাল ও তুরাগ নদীতে গিয়ে পড়ছে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানান, সকাল ১১টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন ফারজানা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে কারাখানা চারটির বিরুদ্ধে পরিবেশ আদালতে নিয়মিত মামলা করার নির্দেশ দেন। এছাড়া নিষিদ্ধ পলিথিন, শপিং ব্যাগ ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত কোণাবাড়ি এলাকার আল মদিনা ফুড গার্ডেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই'র অনুমোদন ছাড়া পণ্য বিক্রির অভিযোগে বিউটি সুইটমিটসকে জরিমানা করা হয় ২০ হাজার টাকা। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন, পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক সুকুমার বিশ্বাস, সহকারী পরিচালক মো. ইউসুফ আলী, শেখ মো. নাজমুল হুদা ও বিএসটিআই'র পরিদর্শক আখতারুজ্জামান টুকু, মাহবুবুর রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৮ ঘ.