ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন ওষুধ বাজার এলাকায় বুধবার আগুনে লেপতোষকের একটি দোকান পুড়ে গেছে।
ওদিকে কামরাঙ্গীরচরে আগুন লেগে একটি বাড়ির কয়েকটি কক্ষ পুড়ে গেছে।
কোনো ঘটনায়ই হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রাত ৮টার দিকে মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন ওষুধ বাজার এলাকায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) ভবন এবং আজিম মার্কেটের (কেমিকেল মার্কেট হিসাবে পরিচিত) মাঝে লেপতোষকের একটি টিনশেড দোকানে আগুন লাগে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান দমকল বাহিনীর সহকারী পরিচালক মনির হোসেন।
তিনি বলেন, "খবর পেয়ে দমকল বাহিনী প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন বেশি ছড়াতে পারেনি। শুধু লেপতোষকের দোকানটি পুড়ে গেছে। কিছু সময় পেলে আগুন পাশের মার্কেটগুলোয় ছড়িয়ে পড়তে পারতো।"
কামরাঙ্গীরচরের মুন্সীরহাট মোহম্মদনগরের আবদুল কাদেরের দোতলা বাড়িতে সন্ধা ৬টা ২০ মিনিটের দিকে আগুন লাগে বলে জানান কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর।
তিনি বলেন, "বাড়িটি টিনের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে বাড়ির ১৪/১৫টি কক্ষ পুড়ে গেছে।"
আবদুল কাদেরের দাবি, আগুনে প্রায় ৭-৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এলএইচ/এসআইটি/পিডি/২২৩৪ ঘ.
bdnews24