দিনাজপুর, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্ত জমি অধিগ্রহণ করে ক্ষতিপূরণ ও স্থায়ী পুনর্বাসনের দাবিতে বুধবার থেকে আমরণ অনশন শুরু করেছে স্থানীয়রা।
'জীবন ও সম্পদ রক্ষা কমিটি'র ব্যানারে প্রায় ১ হাজার মানুষ মাথায় কাফনের কাপড় বেঁধে বুধবার দুপুর ১২টা থেকে খনির প্রধান ফটকে কর্মসূচি শুরু করে।
খনি এলাকার বাসিন্দা লায়েবউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খনিতে কয়লা উত্তোলনের কারণে এলাকার সব ঘর-বাড়ি ভেঙ্গে পড়ছে, জমির মাটি ফেটে যাচ্ছে।
"আমরা এমনিতেই মরে আছি। অনশন করে মরলে যদি ক্ষতিপূরণ পাওয়া যায় তাহলে আমাদের পরিবার বেঁচে যাবে", কর্মসূচির যৌক্তিকতা ব্যাখ্যা করে বলেন তিনি।
'জীবন ও সম্পদ রক্ষা কমিটি'র আহবায়ক ইব্রাহিম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি অধিগ্রহণ করে স্থায়ী পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে।
অনশনস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪৩০ ঘ.
bdnews24