ঠাকুরগাঁও, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ে শিশুদের ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। আশপাশের জেলাগুলোতেও শিশুরা এসব রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্ত অনেক শিশুকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার ও মঙ্গলবার ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি হয়েছে ১২০ শিশু। হাসপাতালে ভর্তি ১২০ শিশুর মধ্যে ৭৫ জন ডায়রিয়া এবং বাকিরা শ্বাসকষ্টে ভুগছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. লোকমান আলী।
তিনি জানান, পাশের পঞ্চগড় ও দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকেও অনেক রোগী এখানে আসছে। গত দু'দিনে বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে প্রায় ৩৫০ জনকে। শহরের ক্লিনিকগুলোতেও রোগীর বেশ ভিড় রয়েছে।
ডা. লোকমান আলী বলেন, গত কয়েকদিনের তুলনায় সদর হাসপাতালে শিশু রোগীর সংখ্যা এখন কম। শত শত শিশু আসছে প্রত্যন্ত অঞ্চল থেকে। এদের বেশিরভাগই ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত।
সিভিল সার্জন আরো বলেন, মঙ্গলবার ৪৫ শিশুকে ছাড়পত্র দেওয়া হলেও নতুন ভর্তি হয়েছে ৩৮ জন।
এদিকে হাসপাতালে শয্যা ও জনবলের অভাবে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা। হাসপাতালে শিশু শয্যার সংখ্যা ১৮। তাই এক শয্যায় একাধিক শিশুকে রাখা হয়েছে। তবে বেশিরভাগ শিশুরই স্থান হয় মেঝে, বারান্দা কিংবা করিডোরে।
ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর থেকে শ্বাসকষ্টে আক্রান্ত শিশুকে নিয়ে এসেছেন রফিক ও তার স্ত্রী। কিন্তু শিশু ওয়ার্ডে জায়গা না থাকায় বারাান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে।
হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. রুহুল আমিন বলেন, এখন ঋতু পরিবর্তন হচ্ছে। দিনে গরম রাতে শীত। এতে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে।
রোটা ভাইরাসের কারণে শিশুরা বেশি সংখ্যায় ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বলে তিনি জানান।
ডা. রুহুল আমিন আরো বলেন, প্রতি ছয়জন শিশুর জন্য একজন নার্স থাকার কথা। সেই হিসাবে এখানে ১৫/১৬ নার্স থাকার কথা থাকলেও রয়েছে মাত্র দুজন। তাই একজন নার্সকে দেখতে হয় অন্তত ৫০টি শিশু।
নার্স সমস্যার কথা স্বীকার করে সিভিল সার্জন ডা. লোকমান আলী বলেন, "হাসপাতালের মূল সমস্যা জনবল। ৫০ শয্যার জনবল দিয়ে চালানো হচ্ছে ১০০ শয্যার হাসপাতাল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪২ঘ.
bdnews24