২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী ও নারায়ণগঞ্জে ডাকাতি, আহত ৯

ফেনী ও নারায়নগঞ্জে সোমবার রাতে ডাকাতি হয়েছে। এর মধ্যে ফেনীর দাগনভূঞা উপজেলায় ডাকাতের হামলায় পাঁচজন আহত হয়েছে। ধরা পড়েছে এক ডাকাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2010, 03:13 PM

Updated : 24 Aug 2022, 07:23 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী ও নারায়নগঞ্জে সোমবার রাতে ডাকাতি হয়েছে। এর মধ্যে ফেনীর দাগনভূঞা উপজেলায় ডাকাতের হামলায় পাঁচজন আহত হয়েছে। ধরা পড়েছে এক ডাকাত। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাতের হামলায় চার নিরাপত্তাকর্মী আহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর- ফেনী: দাগনভূঞা থানার ওসি কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ২টার দিকে উদরাজপুর গ্রামের একটি বাড়িতে একদল ডাকাত হানা দেয়। বাধা দেওয়ায় তারা পরিবারের সদস্যদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে এলে ডাকাতরা পালিয়ে যায়। তবে এলাকাবাসী আলাউদ্দিন নামে একজনকে ধরে ফেলে। ডাকাতের হামলায় আহতরা হলেন- মনোয়ারা বেগম (৪৫), আবু তাহের (৬০), ফাহমিদুল ইসলাম (২৪), ও রফিকুল ইসলাম পিয়াস (১৫)। তাদের দাগনভূঞা স্বাস্থ্য কেন্দ্র ও ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জমি জমার বিরোধের জেরে প্রতিপক্ষ বাড়িতে হামলা চালাতে পারে বলে ওসি জানান। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। একই উপজেলার আলাইয়ারপুর গ্রামের আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে ডাকাত ঢুকে তাদের ও প্রতিবেশী মোকলেছুর রহমানের বাড়ির সবাইকে বেঁধে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। দাগনভূঞা থানার ওসি কামরুজ্জামান জানান, এ ধরনের ঘটনা খবর তিনি জানেন না। নারায়নগঞ্জ: আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১টার দিকে ওই এলাকার সালাউদ্দিন আহম্মেদ ইবাদত শাহ মৎস্য হ্যাচারিতে ১৫/২০ জন ডাকাত হামলা চালায়। এ সময় তারা হ্যাচারির চার নিরাপত্তাকর্মী হাসান আলী (৫০), হায়দার আলী (৪৫), সুকুমার (৫০) ও আবু সামাকে (৫০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ওসি জানান, ডাকাতরা নগদ ২০ হাজার টাকা, ১৫ কিলোওয়াটের তিনটি ট্রান্সমিটার ও একটি পানির পাম্প নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১০৭ ঘ.