ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ স্বাস্থ্যক্ষেত্রে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. মার্গারেট চ্যান।
মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ড. মার্গারেট চ্যান এ কথা বলেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক।
মার্গারেট বলেন, "বাংলাদেশ স্বাস্থ্যক্ষেত্রে এমডিজি গোলের শর্তগুলো পূরণের পথে কাজ করে যাচ্ছে। নিঃসন্দেহে এ চ্যালেঞ্জ মোকাবেলায় তারা উত্তীর্ণ হবে। মাতৃ ও শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে এমডিজি গোলের শর্তগুলো প্রায় পূরণ হয়ে গেছে।"
সোয়াইন ফ্লু সম্পর্কে জানতে চাইলে ড. চ্যান জানান, এ মাসের মধ্যে বাংলাদেশকে সোয়াইন ফ্লু ভ্যাকসিন পাঠানো হবে।
তিনি বলেন, "কানাডা, ইউরোপে এ ফ্লু কমে এলেও মহামারী শেষ হয়ে গেছে বলা যায় না।"
আরো ৪-৬ সপ্তাহের মধ্যে সোয়াইন ফ্লু সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যাবে বলে মন্তব্য করেন মার্গারেট।
তিনি জানান, বাংলাদেশে টিকা তৈরির সম্ভাব্য পরিবেশ আছে কি না তা যাচাইয়ে ইতোমধ্যে তিনটি গ্র"পকে পাঠানো হয়েছে। এজন্য বাংলাদেশ সরকারকে ড্রাগ রেগুলেটরি অথরিটি গঠনের পরামর্শ দেয়া হয়েছিলো।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিবার ও স্বাস্থ্য কার্যক্রমের সহকারী মহাপরিচালক ড. ডেইজী মাফুবেলু প্রমুখ।
বাংলাদেশ সরকারের আমন্ত্রনে ড. চ্যান তিনদিনের এক সফরে যশোরের আইলা বিধ্বস্ত এলাকায় কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২০২১ ঘ.
bdnews24