ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় মে মাসে ঢাকায় আঞ্চলিক জলবায়ু সম্মেলন করবে বাংলাদেশ।
মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন 'মেঘনা'য় ইউরোপীয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর এতথ্য জানান পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
তবে এই সম্মেলনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
হাছান মাহমুদ বলেন, ''জলবায়ু পরিবর্তনজনিত কারণে বেশি ঝুঁকিপূর্ণ দেশগুলোকে নিয়ে ইউরোপীয়ান ইউনিয়নের উদ্যোগের অংশ হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন ঢাকায় একটি আঞ্চলিক সম্মেলন আয়োজনে সহায়তা করবে। ''
এবছর মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্ব জলবায়ু সম্মেলনকে (কোপ-১৬) সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি বিষয়ে ঢাকায় বেশি ঝুঁকিপূর্ণ ক্ষুদ্র রাষ্ট্রগুলোর এ আঞ্চলিক সম্মেলন সফল ভূমিকা রাখবে বলে বৈঠক ইইউ রাষ্ট্রদূতরা মত প্রকাশ করেন।
বৈঠকে অন্যদের মধ্যে ইউরোপীয়ান ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, ইতালির রাষ্ট্রদূত ও ব্রিটিশ হাইকমিশনার উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/পিডি/১৯৪৪ ঘ.
bdnews24