২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি শুরু হচ্ছে ফের

আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার পর উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বেই শুরু হচ্ছে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির দ্বিতীয় পর্যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2010, 11:42 AM

Updated : 24 Aug 2022, 07:23 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার পর উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বেই শুরু হচ্ছে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির দ্বিতীয় পর্যায়। এ লক্ষ্যে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ থেকে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিভাগের সচিব মোখলেছুর রহমান। তবে ২১ জন উপ সচিবের কঠোর তদারকি ও নজরদারিতে এ পর্যায়ের দুই মাসের কার্যক্রম পরিচালিত হবে। কোনো অনিয়মের তথ্য পেলেও সংশ্লিষ্ট প্রকল্প কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটির মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান। সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রতি ইউনিয়নে একজন উপজেলা পর্যায়ের কর্মকর্তার নেতৃত্বে কমিটি করে দেওয়া হয়েছে। এতে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সদস্য হিসেবে থাকবেন। তিনি বলেন, প্রকল্পের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ এবং অনিয়ম-দুর্নীতি রোধে ২১টি বৃহত্তর জেলাকে অঞ্চল হিসেবে বিভক্ত করে ২১ জন উপসচিবকে এগুলোর তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। তারা প্রতি ১৫ দিনে একবার করে দায়িত্বপ্রাপ্ত জেলাগুলো পরিদর্শন করবেন এবং কেনো সমস্যা থাকলে তা মন্ত্রণালয়কে জানিয়ে সমাধান করবেন। কোনো প্রকল্পে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রকল্প কমিটি ভেঙ্গে দিতে বলা হয়েছে তদারক কর্মকর্তাদের। তবে প্রকল্পের কাজ ব্যাহত না করতে তাৎক্ষণিকভাবে নতুন প্রকল্প কমিটিও করে দেওয়া হবে। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির প্রথম পর্যায় গত বছরে অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত দুই মাস ধরে চলে বলে জানান সচিব মোখলেছুর রহমান। কর্মসূচির পরিকল্পনায় সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিনমাস এবং মার্চ থেকে এপ্রিল দুই মাস নিয়ে মোট পাঁচ মাসে ১০০ দিন কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। তবে গত বছর সেপ্টেম্বর থেকে কাজ শুরু করা সম্ভব না হওয়ায় তিন মাসের মধ্যে দুই মাস এ কার্যক্রম চালানো হয়। প্রথম দুই মাসে আইলা দুর্গত ১১ জেলা এবং উত্তরাঞ্চলের মঙ্গা কবলিত পাঁচ জেলার ১২৪টি উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এতে ১১৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিলো এ কর্মসূচির জন্য। দুই মাসে এসব উপজেলার জনগণকে বিভিন্ন প্রকল্পের আওতায় দৈনিক জনপ্রতি ১০০ টাকা করে দেয়া হয়। কিন্তু দ্বিতীয় পর্যায়ের দুই মাসে ৪০ দিনের কাজের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৬০০ কোটি টাকা। এতে দেশের ৬৪টি জেলাকেই অন্তর্ভুক্ত করা হলেও দারিদ্র সূচক অনুযায়ী অর্থের বরাদ্দ দেওয়া হয়েছে। এবার দৈনিক জনপ্রতি ১২০ টাকা করে দেওয়া হবে। প্রায় সাড়ে ১২ লাখ লোক এ কর্মসূচির সুবিধা পাবেন বলে জানান সচিব মোখলেছুর রহমান। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় উত্তরাঞ্চলের মঙ্গা কবলিত এলাকার জনগণসহ দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য '১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি' প্রণয়ন করা হয়। তবে প্রকল্প বাস্তবায়নে তেমন কোন নির্দেশনা বা বিধি-বিধান না থাকায় ওই কর্মসূচিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয় বলে অভিযোগ ওঠে জানিয়ে বর্তমান সরকার কর্মসূচি স্থগিত করে। পরে একই আদলে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রণয়ন করে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে সুস্পষ্ট নির্দেশনাসহ একটি বিধিমালাও প্রণয়ন করা হয়। নির্দেশনায় কাজের পরিধি হিসেবে রাস্তা সংস্কার ও নির্মাণ, মাটি কাটা, নদী খনন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সেবা প্রতিষ্ঠানের মাঠ ভরাটসহ ছোট ছোট বাঁধ নির্মাণের সুযোগ দেয়া হয়েছে। সচিব মোখলেছুর রহমান জানান, এর আগে কর্মসূচিটি ইউপি চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বে বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু আগামী মে মাসে অনুষ্ঠেয় ইউপি নির্বাচন এই কর্মসূচি দ্বারা নির্বাচন প্রভাবিত হতে পারে, অথবা অন্য কোন বিশেষ উদ্দেশ্যে সরকারি এ সাহায্য ব্যবহৃত হওয়া বন্ধ করতে এবার উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে এ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু কয়েকজন ইউপি চেয়ারম্যান সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গেলে গত মাসের শেষ দিকে আদালত কর্মসূচি বাস্তবায়নে নিষেধাজ্ঞা আরোপ করে। এতে সরকার ১৫ দিনের জন্য কর্মসূচি স্থগিত ঘোষণা করে। পরবর্তীতে আদালত নিষেধাজ্ঞা তুলে নিলে সরকার আবারো কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এমআই/১৭৩৫ ঘ.