মাগুরা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়িচাপায় এক স্কুলছাত্রী নিহত হওয়ার পর মঙ্গলবার দুপুরে মাগুরা-ঝিনাইদহ সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
পরে প্রশাসন গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে দুপুর ১টায় শিক্ষার্থীরা রাস্তা ছাড়লে ওই সড়কে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়।
সকাল ১১টার দিকে মাগুরা শহর থেকে ১০ কিলোমিটার দূরে ইছাখাদা বাজারে সড়ক অবরোধ করে ইছাখাদা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে স্থানীয়রাও যোগ দেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন স্থানীয় হাজরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মোহন।
অবরোধকারীরা গতিরোধক নির্মাণের দাবিতে স্লোগান দিতে থাকে। অবরোধের কারণে সড়কের দুই পাশে কয়েকশ গাড়ি আটকা পড়ে।
সোমবার ওই সড়কে গাড়িচাপায় নিহত হয় ইছাখাদা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী লাবনী (৭)।
ইউপি চেয়ারম্যান মোহন বলেন, জেলা প্রশাসনের কর্মকর্তারা এসে গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০০ ঘ.
bdnews24