মাদারীপুর, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-বরিশাল রুটে মাদারীপুরের কাওড়াকান্দি ফেরি ঘাটে কর্তব্যরত আনসারদের সঙ্গে সংঘর্ষের পর প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে ট্রাকচালকরা। তবে পুলিশের হস্তক্ষেপে সকাল সাড়ে ১১টা থেকে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়েছে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ঘাটে পারাপারের সিরিয়াল নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে ট্রাকচালকদের ওপর চড়াও হয় আনসার সদস্যরা। এর প্রতিবাদে ট্রাকচালকরা সড়ক অবরোধ করে।
আনসার সদস্যদের লাঠিপেটায় খুলনার দৌলতপুরের ট্রাকচালক এনায়েত হোসেন (৪৫) ও কামরুল হোসেন (৩৮) আহত হয় বলে ট্রাকচালকরা জানান। এনায়েতকে শিবচর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আহত এনায়েত সাংবাদিকদের বলেন, "সিরিয়াল দেওয়ার কথা বলে আনসার সদস্যরা আমাদের কাছে ৩০০ টাকা চাঁদা দাবি করে। আমরা তা দিতে অস্বীকৃতি জানালে আমাদের মারধর এবং ট্রাক ভাংচুর করে।"
ট্রাকচালকরা আনসার সদস্যদের বিরুদ্ধে শিবচর থানায় লিখিত অভিযোগ করেন। একইসঙ্গে তারা সড়ক অবরোধ করলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ চার আনসার সদস্যকে আটক করলে ট্রাকচালকরা অবরোধ তুলে নেয়।
মহাসড়ক পুলিশের শিবপুর ফাঁড়ির উপপরিদর্শক আসাদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চার আনসার সদস্যকে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আনসার সদস্যদের অপরাধ প্রমাণিত হলে তাদের কাওড়াকান্দি ঘাট থেকে প্রত্যাহারের সুপারিশ করা হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১১ ঘ.
bdnews24