বাগেরহাট, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বেতন-ভাতা নির্ধারণসহ ২২ দফা দাবি মানতে সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
আগামী ১৫ মার্চের মধ্যে তাদের দাবিগুলো না মানলে পরদিন থেকে লাগাতর কর্মবিরতির ঘোষণা দিয়ে তারা সোমবার একটি স্মারকলিপি দিয়েছেন।
বাগেরহাটের মংলায় বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শ্রম অধিদপ্তরের পরিচালক বরাবর তারা এ স্মারকলিপি দেন।
শ্রম পরিচালক ছাড়াও বাগেরহাটের জেলা প্রশাসক, মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকেও একই স্মারকলিপি দেওয়া হয়।
তাদের দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো- বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট প্রকাশ, মাস্টার ড্রাইভারদের সনদ মেয়াদীকরণ আইন বাতিল, নদীপথে চুরি ডাকাতি রোধ, নদীর নাব্যতা রক্ষার জন্য ড্রেজিং, ভারতের নামখানা এলাকায় বাংলাদেশি নৌ শ্রমিকদের ল্যাণ্ডিং পাশের ব্যবস্থা করা।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৮ সালে ২২ দফা দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশন আন্দোলনে গেলে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার দাবি পূরণের আশ্বাস দেয়। তখন এ দাবি পূরণ না হওয়ায় ২০০৯ সালের ৯ নভেম্বর শ্রম অধিদপ্তর থেকে দুই মাসের মধ্যে দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়। চলতি বছরের ৯ জানুয়ারি আরো দুই মাসের সময় নেওয়া হয়। কিন্তু গত রোববার পর্যন্ত শ্রম অধিদপ্তর কোনো উদ্যোগ না নেওয়ায় এই কর্মসূচি দেওয়া হল।
ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, নারায়ণগঞ্জ, আশুগঞ্জ ও বাঘাবাড়িতেও একই স্মারকলিপি দেওয়া হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২৩৩৫ ঘ.
bdnews24