ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারী অধিকার নিশ্চিত করার দাবি জানানোর মধ্য দিয়ে চট্টগ্রাম, খুলনা, সিলেটসহ বিভিন্ন স্থানে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সভা, সেমিনার ও শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালন করেছে নারী সংগঠনসহ বিভিন্ন সংগঠন।
এবার নারী দিবসের একশ' বছর পূর্ণ হলো। এ বছর দিবসটির প্রতিপাদ্য 'নারী-পুরুষের সম সুযোগ, সম অধিকার, দিন বদলের অগ্রযাত্রায় উন্নয়নের অঙ্গীকার'।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রাম: সকালে শিল্পকলা একাডেমি থেকে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার এম এন সিদ্দিক।
বিকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা ও মহিলা পরিষদ যৌথভাবে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। প্রেসক্লাবে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ চেমন আরা তৈয়ব।
এছাড়া সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বেসরকারি সংস্থা যুগান্তর, অগ্রযাত্রাসহ বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।
সিলেট: জেলা তথ্য কার্যালয় শহরের স্টেডিয়াম এলাকার মোহাম্মদ আলী জিমনেসিয়ামে তিনদিনের সচেতনা মেলার আয়োজন করেছে। সোমাবার সকাল ১১টায় মেলার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা। জেলা তথ্য কার্যালয়ের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- বিভাগীয় কমিশনার গোলাম রব্বানী, অতিরিক্ত জেলা প্রশাসক শামীম আল রাজী প্রমুখ।
সকাল ১০টায় নগরীর চৌহাট্টায় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ উদ্দিন আহমদ, ড. জাফর ইকবাল, ইয়াসমিন হক, ড. ইউনূছ প্রমুখ।
খুলনা: সকালে শহীদ হাদিস পার্ক থেকে শোভাযাত্রার মাধ্যমে সূচনা হয় তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার। এর উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতিসংঘ শিশুপার্কে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এন এম জিয়াউল আলম।
এতে মেয়র ছাড়াও বক্তব্য রাখেন- মহিলা পরিষদের সভাপতি আনোয়ারী বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক সত্যেন্দ্রনাথ সরকার প্রমুখ।
জাতিসংঘ শিশুপার্কে আগামী দুদিন আলাচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন, খেলাধুলা ও মেলা হবে।
এছাড়া চাঁদপুর, মাদারীপুর, মাগুরা, রাজবাড়ী, ঠাকুরগাঁও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ, বরগুনা, বাগেরহাট, সুনামগঞ্জ, বান্দরবান, কুমিল্লা, নীলফামারী, নেত্রকোনাসহ বিভিন্ন জেলা ও উপজেলায় দিবসটি পালিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৭ ঘ.
bdnews24