২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ম্যাজিস্ট্রেট এক ঘণ্টা অবরুদ্ধ

ব্যবসায়ী সম্পর্কে অশালীন মন্তব্য করার অভিযোগে সোমবার জামালপুর শহরের ব্যবসায়ীরা ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তাদের এক ঘণ্টারও বেশি অবরুদ্ধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2010, 04:11 PM

Updated : 24 Aug 2022, 07:21 PM

জামালপুর, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী সম্পর্কে অশালীন মন্তব্য করার অভিযোগে সোমবার জামালপুর শহরের ব্যবসায়ীরা ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তাদের এক ঘণ্টারও বেশি অবরুদ্ধ করে রাখে। এ সময় তারা র‌্যাবের একটি গাড়ি ভাংচুর ও মিছিল করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাব ফাঁকা গুলি ছোড়ে। পরে ব্যবসায়ী নেতারা এসে পরিস্থিতি শান্ত করেন। জামালপুর চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি রেজাউল করিম রেজনু সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বিকাল ৫টায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট কোনো কারণ ছাড়াই ব্যবসায়ীদের জরিমানা করেন। এ সময় ম্যাজিস্ট্রেট ব্যবসায়ীদের সম্পর্কে অশালীন মন্তব্য করলে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। র‌্যাবও পুরো ঘটনা না জেনে গুলিবর্ষণ করে। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা জামালপুর শহরের সকল দোকানপাট দুই ঘণ্টা বন্ধ রাখেন। সন্ধ্যা ৭টার দিকে চেম্বার নেতারা গিয়ে পরিস্থিতি শান্ত করেন বলে তিনি জানান। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জামাল হোসেন জানান, দুটি দোকানে জরিমানা করার পরই ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি ব্যবসায়ীদের সম্পর্কে কোনো মন্তব্য করেননি বলেও দাবি করেন। জামালপুর র‌্যাব ক্যাম্পের সহকারী পরিচালক ক্যাপ্টেন শফিকুল আলম বলেন, ম্যাজিস্ট্রেটকে অবরোধ করে রাখার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেলে ব্যবসায়ীরা ইট-পাটকেল ছোঁড়ে। পরিস্থিতি শান্ত করতে র‌্যাব ৯ রাউণ্ড ফাঁকা গুলি করে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৪ ঘ.