নীলফামারী, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারী সদর উপজেলায় সোমবার দুপুরে আগুন লেগে ৮০টি পরিবারের তিন শতাধিক বসতঘর পুড়ে গেছে।
উপজেলার হাজিপাড়ায় প্রায় দুই ঘণ্টার এই অগ্নিকাণ্ডে পরিবারগুলোর ধান-চাল-তামাকসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমান প্রায় ৫২ লাখ টাকা।
বিকালে জেলা প্রশাসক ফরহাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি পরিবারগুলোর মধ্যে শাড়ি ও কম্বল বিতরণ করে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামীকাল পরিবারগুলোকে চাল দেওয়া হবে।
চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোকছেদুল ইসলাম সাংবাদিকদের জানান, হাজিপাড়া গ্রামের অলিয়ার রহমানের স্ত্রী মিনু বেগম দুপুর ১টার দিকে রান্না করছিলেন। এ সময় রান্নাঘরে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে
খবর পেয়ে নীলফামারী ও ডোমার ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ছুটে আসে। তারা বিকাল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
নীলফামারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা মোকাররম হোসেন জানান, স্থানীয়দের সহযোগিতা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। লোকজন আশপাশের বেশকিছু ঘর ভেঙে সরিয়ে নেওয়ায় পাড়ার আরো ৫০/৬০টি পরিবারের ঘর রক্ষা পেয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৭ ঘ.
bdnews24