রাজশাহী, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ দোকানপাট উচ্ছেদকে কেন্দ্র করে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুলিশের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলার রাজবাড়ি এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের দুপাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোদাগাড়ী থানার ওসি জাকিরুল ইসলাম।
সংঘর্ষে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ওসি জাকিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলিয়া মঈন পুলিশ ও ভূমি কর্মকর্তাদের নিয়ে উচ্ছেদ অভিযানে যান।
এতে স্থানীয় ব্যবসায়ীরা বাধা দেয় এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।
ব্যবসায়ী ও আশপাশের লোকজন টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ও র্যাব সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ইউএনও জুলিয়া মঈন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, তারা নোটিশ দিয়েই অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে যান। সেখানে অর্ধেকেরও বেশি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯৪৯ ঘ.
bdnews24