ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ছাত্রমৈত্রীর তিন দিনব্যাপী পঞ্চদশ সম্মেলন শুরু হচ্ছে ৯ মার্চ।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সম্মেলনের উদ্বোধন করবেন।।
সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠান ও শোভাযাত্রায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেবে বলে তারা আশা করছেন।
তিনি বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহাবস্থান, হল ও কেন্দ্রীয় সংসদ নির্বাচন, যুদ্ধাপরাধিদের বিচার, জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা, দ্রব্যমূল্য ও শিক্ষা উপকরণের মূল্য বৃদ্ধিরোধ, শিক্ষানীতি বাস্তবায়ন ও কওমি মাদ্রাসার ওপর সরকারি নিয়ন্ত্রণ আরোপ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধসহ ৯ দফা দাবিকে সামনে রেখে এ সম্মেলন হচ্ছে।"
সুজন জানান, ৯ মার্চ রাতে টিএসসি মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শুরু হবে। ১১ মার্চ নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে অধিবেশন শেষ হবে।
এছাড়া ১০ মার্চ বিকেল ৪টায় টিএসসি মিলনায়তনে হবে আলোচনা সভা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএনএ/১৬০৩ ঘ.
bdnews24