২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি শিক্ষক তালাবদ্ধ, পরে উদ্ধার

ছাত্রলীগ নেত্রীতে শিক্ষক নিয়োগে মনোনয়নে না দেওয়ায় রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের এক শিক্ষককে অবরুদ্ধ করেছে সংগঠনটির কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2010, 05:57 PM

Updated : 24 Aug 2022, 07:19 PM

চট্টগ্রাম, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ নেত্রীতে শিক্ষক নিয়োগে মনোনয়নে না দেওয়ায় রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের এক শিক্ষককে অবরুদ্ধ করেছে সংগঠনটির কর্মীরা। মুন্সী তানিয়া আফছার নামের ওই নেত্রীকে মনোনয়ন দেওয়ার দাবিতে একইদিন তারা উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ বরাবর একটি স্মারকলিপিও দিয়েছে। দুপুর সাড়ে ১২টায় শিক্ষক নিয়োগ কমিটির সদস্য অধ্যাপক ড. হাসানুজ্জামান চৌধুরীকে ওই বিভাগেরই সভাপতির কক্ষে তালাবদ্ধ করা হয়। বেলা ১টায় সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক গাজী সালেহ উদ্দিন এবং প্রক্টর অধ্যাপক ড. জসিমউদ্দিন তালা ভেঙে তাকে উদ্ধার করেন। অধ্যাপক হাসানুজ্জামান চৌধুরী সমাজতত্ত্ব বিভাগের উক্ত নিয়োগ বোর্ডের সদস্য ছিলেন বলে জানান প্রক্টর অধ্যাপক জসিমউদ্দিন। তানিয়াকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক ও সাবেক উপ-পাঠাগার সম্পাদক বলে উল্লেখ করা হয় স্মারকলিপিতে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল মনসুর জামসেদ, সাধারণ সম্পাদক এরশাদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়, সকল যোগ্যতা থাকার পরও গত ৪ মার্চ সমাজতত্ত্ব বিভাগে শিক্ষক নিয়োগ বোর্ডে চার প্রার্থীকে নির্বাচিত করলেও মুন্সী তানিয়া আফছারকে বাদ দেওয়া হয়। প্রার্থী নির্বাচনী মৌখিক পরীক্ষায় তানিয়া বাকি তিন প্রার্থীর চেয়ে ভালো ফলাফল করেছেন বলেও স্মারকলিপিতে দাবি করা হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুজ্জামান ইমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশাসনকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য স্বারকলিপি দেওয়া হয়েছে। দাবি না মানলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। মুন্সী তানিয়া আফসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মনোনয়নপ্রাপ্ত অন্য প্রার্থীদের চেয়ে আমি যোগ্য ছিলাম। শুধু ছাত্রলীগ করার কারণেই আমাকে বাদ দেওয়া হয়েছে।" সমাজতত্ত্ব বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল হাসান বলেন, শিক্ষার্থীদের একজন সিনিয়র শিক্ষকের সঙ্গে এই ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক। অধ্যাপক হাসানুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিয়োগ বোর্ডের মনোনয়ন নিয়ে যেসব অভিযোগ করা হচ্ছে তা সত্য নয়। বিভাগের কিছু শিক্ষকই শিক্ষার্থীদের ব্যবহার করে আমাকে নাজেহাল করা চেষ্টা করেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএডি/এমসি/ডিডি/২৩৫০ ঘ.