২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রোহিঙ্গাদের যত দ্রুত সম্ভব ফেরত পাঠান'

যত দ্রুত সম্ভব রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার স্টিভেন ক্রেইগ স্যান্ডার্সের প্রতি রোববার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2010, 04:57 PM

Updated : 24 Aug 2022, 07:19 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যত দ্রুত সম্ভব রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার স্টিভেন ক্রেইগ স্যান্ডার্সের প্রতি রোববার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে দেখা করতে গেলে নতুন হাইকমিশনার স্টিভেনের প্রতি তিনি এ আহ্বান জানান। এসময় শরণার্থীদের বাংলাদেশে পুনর্বাসনের সম্ভাব্য সব প্রস্তাবও নাকচ করেন দীপু মনি। আন্তর্জাতিক প্রচার মাধ্যমে রোহিঙ্গাদের দুরবস্থা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ হওয়ার পর তিনি একথা বললেন। কিছু কিছু প্রতিবেদনে রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলেও অভিযোগ করা হয়। স্টিভেনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা বিষয়ে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, "যত দ্রুত সম্ভব শরণার্থীদের ফেরত নেওয়া যত দ্রুত শুরু করা যায় তার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।" বিবৃতিতে বলা হয়, নয়াপাড়া ও কুতুপালং শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়াই এ সমস্যার একমাত্র গ্রহণযোগ্য সমাধান বলে মনে করে বাংলাদেশ। দীপু মনি জানান, মিয়ানমার কর্তৃপক্ষ সব শরণার্থীকে ফিরিয়ে নিতে ইতিমধ্যে রাজি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/পিডি/২২৫০ ঘ.