লালমনিরহাট, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট ও রংপুরে সীমান্ত এলাকার চর মটুকপুর গ্রামে শনিবার গভীর রাতে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
এরা হলেন- গ্রামের শামছুল হকের স্ত্রী শেফালী বেগম (৪২) ও তাদের মেয়ে বীথিকা (৭)।
চর মটুকপুর গ্রামটির কিছু অংশ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এবং কিছু অংশ রংপুরের গঙ্গাচড়ায় পড়েছে। শামসুল হকের বাড়িটি কালীগঞ্জ উপজেলা অংশে অবস্থিত।
এলাকাবাসীর বরাত দিয়ে কালীগঞ্জ দমকল কর্মকর্তা আব্দুর রউফ বলেন, রাত সাড়ে ১২টার দিকে শামছুল হকের গোয়াল ঘরে আগুন লাগে। প্রায় একঘণ্টার চেষ্টায় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।
রাস্তা না থাকায় দমকলের গাড়ি এলাকায় গেলেও ঘটনাস্থলে পৌঁছতে পারেনি বলে দমকল কর্মকর্তা জানান।
গৃহকর্তা শামসুল হক বলেন, ঘরে আগুন জ্বলার সময় ভেতরে বীথিকা ঘুমিয়ে ছিল। তাকে আনকে গিয়ে তার মা শেফালী বেগমও মারা যান।
এ ছাড়া তাদের ধান, তামাক, সৌর বিদ্যুতের প্যানেল, স্যালো মেশিন, গরু, ছাগল, আসবাবপত্র, নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকারও বেশি মালামাল পুড়ে গেছে বলে জানান শামসুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬২৮ ঘ.
bdnews24