২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় চার কিশোরের যাবজ্জীবন

একটি হত্যা মামলায় চার কিশোরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিরাজগঞ্জের একটি আদালত। একইসঙ্গে এদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2010, 11:33 AM

Updated : 24 Aug 2022, 07:20 PM

সিরাজগঞ্জ, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একটি হত্যা মামলায় চার কিশোরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিরাজগঞ্জের একটি আদালত। একইসঙ্গে এদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলো- জেলার শাহজাদপুর উপজেলার আলোকদিয়ার গ্রামের আমানত আলী, মো. ছানোয়ার হোসেন, সিদ্দিকুর রহমান ওরফে ঝন্টু ও নিজামউদ্দীন। রায় দেওয়ার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলো। মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৯ আগস্ট আলোকদিয়ার মোহনকে শ্বাসরোধ করে হত্যা করে তার চার বন্ধু। এরা সবাই এক সময় অপরাধে জড়িয়ে পড়েছিল। পরে মোহন দলত্যাগ করে পুলিশকে সব বলে দেওয়ার হুমকি দিলে তাকে হত্যা করে লাশ পানিতে ফেলে দেয় ওই চার কিশোর। ঘটনার পরদিন মোহনের লাশ উদ্ধার করে পুলিশ। ১২দিন পর গ্রেপ্তার করা হয় আসামিদের। পরে আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করে তারা। আদালতের রায়ে বলা হয়, বয়সের বিষয়টি বিবেচনা করে চার কিশোরকে ফাঁসির পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউট (পিপি) আব্দুর রহমান। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম শান্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৭ ঘ.