চাঁদপুর, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুরি-ডাকাতি বন্ধের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বাজারের ব্যবসায়ীরা শনিবার সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করেছে।
গত বৃহস্পতিবার রাতে এই বাজারে চারটি দোকানে ডাকাতি হয়।
ওই ডাকাতির ঘটনায় শনিবার তিন পুলিশকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বাজারের ব্যবসায়ী হারুনূর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধর্মঘট চলাকালে ফরিদগঞ্জ বাজারের প্রায় এক হাজার দোকান বন্ধ থাকে। বাজারের ব্যবসায়ীরা খণ্ড খণ্ড মিছিল করেছে। বিকালে কয়েকটি স্থানে প্রতিবাদ সভাও করে।
এ ছাড়া ব্যবসায়ীদের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
হারুনূর রশিদ আরো বলেন, বৃহস্পতিবার রাতে বাজারের চারটি দোকানে ডাকাতি হয়েছে। এছাড়া চুরি লেগেই আছে। এ অবস্থা থেকে পরিত্রাণ চায় ব্যবসায়ীরা।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক আবুল কালাম আযাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই রাতের ডাকাতির ঘটনার জেরে কনস্টেবল আবদুল খালেক, মো. মোস্তফা ও সিরাজ মিয়াকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৯ ঘ.
bdnews24