২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত লাখ বেকারকে কাজ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মাধ্যমে সারা দেশে সাত লাখ ২০ হাজার মাধ্যমিক উত্তীর্ণ বেকারকে কাজ দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2010, 02:00 PM

Updated : 24 Aug 2022, 07:18 PM

কুড়িগ্রাম, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মাধ্যমে সারা দেশে সাত লাখ ২০ হাজার মাধ্যমিক উত্তীর্ণ বেকারকে কাজ দেওয়া হবে। তিনি বলেন, "নির্বাচনী প্রতিশ্র"তি অনুযায়ী সরকার ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টির জন্য ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু করেছে। অবহেলিত ও মঙ্গাপীড়িত কুড়িগ্রাম দিয়েই এর যাত্রা শুরু হলো।" শনিবার কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে 'ন্যাশনাল সার্ভিস কর্মসূচি'র উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। এর আগে তিনি ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী প্রশিক্ষণের জন্য মনোনীত চারজনের হাতে মনোনয়নপত্র তুলে দেন। কুড়িগ্রামে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় মাধ্যমিক উত্তীর্ণ নয় হাজার ৯৫০ জনকে চাকরি দেওয়ার জন্য বাছাই করা হয়েছে। তিন মাসের প্রশিক্ষণ শেষে তাদের নিয়োগ দেওয়া হবে। প্রশিক্ষণকালে তারা দৈনিক ১০০ টাকা ভাতা পাবে। পরবর্তী দু'বছর দৈনিক ২০০ টাকা হারে তাদের বেতন দেওয়া হবে। পর্যায়ক্রমে জেলায় ৩৯ হাজার ৯৫০ জনকে চাকরি দেওয়া হবে। ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় গোপালগঞ্জ ও বরগুনায়ও কর্মসংস্থানের পরিকল্পনা নিয়েছে সরকার। জনসভায় প্রধানমন্ত্রী বলেন, "আওয়ামী লীগ নির্বাচনী ওয়াদা রক্ষা করে। বর্তমান সরকারের লক্ষ্য সবার জন্য খাদ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।" কুড়িগ্রাম সবচেয়ে বেশি অবহেলিত এলাকা উল্লেখ করে হাসিনা বলেন, এখানে কাজের ব্যবস্থা নেই, এলাকায় মঙ্গা লেগেই থাকে। আগামীতে এ জেলায় মঙ্গা হতে দেবেন না বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, "সরকার গঠনের পর তিন দফায় দাম কমানোর ফলে ৯০ টাকা কেজির সার এখন কৃষকরা ২২ টাকায় পাচ্ছে।" মহাজোট সরকার কৃষককে বিদ্যুৎ দেওয়ার জন্য শহরের মানুষের কাছ থেকে বিদ্যুৎ নিয়ে গ্রামে দেওয়ার ব্যবস্থা নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন- পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জিএম কাদের, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/ ২১৩৪ ঘ.