সিরাজগঞ্জ, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ও জামায়াতের চরিত্রই হলো মিথ্যে কথা বলা। তারা মিথ্যা কথা বলায় সব সময়ই পারদর্শী।
তিনি বলেন, "আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে জনগণকে ১০ টাকা কেজিতে চাল খাওয়াবে- এ ধরনের মিথ্যা বক্তব্য দিয়ে জনগণকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে।"
শনিবার সকাল ১০টায় সিরাজগঞ্জ কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধু মেমোরিয়্যাল ট্রাষ্টের উদ্যোগে আয়োজিত চিকিৎসা শিবিরে আসা রোগি ও চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী ঢাকার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন।
তিনি বলেন, "আমরা ৯৬'র নির্বাচনের সময় বলেছিলাম ১০ টাকা কেজি ধরে জনগণকে চাল খাওয়াবো। আমরা তা রক্ষা করেছি।
"কিন্তু এবার কৃষকদের মুখের দিকে তাকিয়ে তাদের উৎপাদন খরচের কথা বিবেচনা করে আমরা বাধ্য হয়ে প্রথমে ১৮ টাকা করেছিলাম। শেষ পর্যন্ত তা ২২ টাকায় ধার্য করেছি।"
শেখ হাসিনা বলেন, "মাঘের বয়ান কি চৈত্র মাসে শোনালে হবে? ১৯৯৬'র নির্বাচনী ওয়াদার কথা এবারের নির্বাচনী ওয়াদা হিসেবে বিএনপি-জামায়াত চালিয়ে দিতে চাচ্ছে, তা কি ঠিক হবে?"
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে সারা দেশে অসহায় রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহল হক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোদাচ্ছের আলী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৬ ঘ.
bdnews24