চট্টগ্রাম, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা শিল্পের মালিক-শ্রমিকদের ট্রাক মিছিলের কারণে শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে।
স্ক্র্যাপ জাহাজ আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের পরিবেশগত ছাড়পত্র নেওয়ার সরকারি আদেশ প্রত্যাহারের দাবিতে ওই কর্মসূচি পালন করা হয়।
সকাল ১১টায় সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকা থেকে 'স্ক্র্যাপ জাহাজ ব্যবসায় সম্পৃক্ত মালিক-শ্রমিক ঐক্য পরিষদে'র ব্যানারে ট্রাক মিছিল শুরু হয়।
৭০ থেকে ৮০টি ট্রাকে করে বিভিন্ন শিপইয়ার্ড থেকে আসা শ্রমিকরা মিছিলে অংশ নেয়। এছাড়া বেশকিছু মোটর সাইকেল ও মাইক্রোবাসে করে কয়েকজন ইয়ার্ড মালিককে মিছিলে অংশ নিতে দেখা যায়।
মিছিলটি ভাটিয়ারি থেকে শুরু হয়ে কুমিরা এলাকা ঘুরে পুনরায় ভাটিয়ারিতে এসে শেষ হয়।
মিছিলের কারণে মহাসড়কে দেখা যায় ব্যাপক যানজট। দুপুর ১টা পর্যন্তও যানজট অব্যাহত ছিল বলে মহাসড়ক পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির পরিদর্শক আমীর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩৫০ ঘ.
bdnews24