সুনামগঞ্জ, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জের দিরাইয়ে দুদিনব্যাপী বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব শুক্রবার শুরু হয়েছে। শনিবার পর্যন্ত চলবে এ উৎসব।
বিকেল সাড়ে ৩টায় উপজেলার উজানধল গ্রামের মাঠে উৎসব উদ্বোধন করেন বাউল সম্রাট'র নাতি শাহ নূর আলম ঝলক।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মতিউর রহমান, বাংলা একাডেমির পরিচালক আবদুল ওয়াহাব, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নুরুল ইসলাম বজলু, সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি বজলুল মজিদ চৌধুরী খসরু, বেসরকারি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক'র আঞ্চলিক কর্মকর্তা ফরহাদ হোসেন ও বাউল সম্রাট'র ছেলে শাহ নূর জালাল।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলালিংক'র পক্ষ থেকে বাউল সম্রাটের পরিবারকে সম্মাননা দেওয়া হয়। পরে বাউল শিল্পীরা শাহ আবদুল করিম'র গান পরিবেশন করেন।
বাংলালিংক'র পৃষ্ঠপোষকায় এবারের লোক উৎসব আয়োজন করেছে উজানধল গ্রামবাসী।
এই লোক উৎসবের পঞ্চম আসরে অংশ নিতে বৃহস্পতিবার রাত থেকেই শাহ আব্দুল করিমের ভক্ত, শিষ্যরা আসতে শুরু করেন।
এবারের লোক উৎসবে দেশের শিল্পী-গীতিকাররাও অংশ নিয়েছেন।
বাউল সম্রাটের শিষ্য আবদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি গুরুজীর সান্নিধ্যে ছিলাম ৩৫ বছর। এ প্রথম গুরুজীকে ছাড়া লোক উৎসব হচ্ছে।"
দিরাই উপজেলার ধউজ গ্রাম থেকে এসেছেন অনিল তালুকদার।
তিনি বলেন, "গুরুজী ছিলেন আমার ধ্যান, জ্ঞান। তিনি নেই, তার প্রতি শ্রদ্বা জানাতে লোক উৎসবে এসেছি। যতদিন বেঁচে থাকবো লোক উৎসবে আসবো।"
বাউল সম্রাট'র ছেলে শাহ নূর জালাল বলেন, এবারের উৎসবে দেশ-বিদেশ থেকে কয়েক হাজার ভক্ত, শিষ্যরা এসেছেন। বাবার শিষ্যরা দুদিন ধরে তার গান পরিবেশন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০০ ঘ.
bdnews24