২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ধ্যায় মুক্তি, রাতে ফের গ্রেপ্তার

বাগেরহাট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান টুটুলকে (৩৮) পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে আবার গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2010, 10:34 AM

Updated : 24 Aug 2022, 07:17 PM

বাগেরহাট, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান টুটুলকে (৩৮) পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে আবার গ্রেপ্তার করেছে। ওইদিন সন্ধ্যায় ডাকাতি মামলায় তিনি জামিনে কারাগার থেকে বেরিয়ে আসেন। টুটুলকে শুক্রবার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট সদর থানার ওসি শাহীদুল ইসলাম শাহীন। ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মুনিগঞ্জ এলাকা থেকে ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর টুটুলকে আবার আটক করা হয়। পুলিশের সন্ত্রাসী তালিকায় টুটুলের নাম রয়েছে। তার বিরুদ্ধে হত্যা, ঘের দখল, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। ২০০১ সালের ১১ নভেম্বর তার নেতৃত্বে জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে দুর্বৃত্তরা সশস্ত্র হামলা চালানোর অভিযোগও রয়েছে। ওই হামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন ও পাঁচ সাংবাদিককে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পুলিশ কর্মকর্তা জানান, টুটুলকে সদর উপজেলার কার্ত্তিকদিয়া গ্রামের মরিয়ম বেগম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন হেফাজতে রাখার আবেদনসহ বাগেরহাটের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩১ ঘ.