২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে দুই পক্ষে সংঘর্ষ

কেরানীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের কারণে শুক্রবার সকালে ঢাকা-মাওয়া সড়কে গাড়ি চলাচল আড়াই ঘণ্টা বন্ধ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2010, 07:17 AM

Updated : 24 Aug 2022, 07:17 PM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের কারণে শুক্রবার সকালে ঢাকা-মাওয়া সড়কে গাড়ি চলাচল আড়াই ঘণ্টা বন্ধ ছিলো। সকাল সাড়ে ১০টার দিকে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়। সংঘর্ষে চারজন আহত হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে পাশের মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে ওই সংঘর্ষ হয় বলে পুলিশ জানায়। সংঘর্ষে আহতরা হলেন- সুন্দর আলী, মধু মাতবর, ইসহাক মাতবর ও মাসুদ মাতবর। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষের সূত্রপাতের বিষয়ে আব্দুল জব্বার নামে আব্দুল্লাহপুর গ্রামের এক বাসিন্দা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকালে মাইক্রোবাস চালক বাবুলের কাছে সিরাজদিখানের কয়েকজন গাড়ি ভাড়া নিতে গেলে ভাড়া নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে সন্ধ্যা ৬টার দিকে সিরাজদিখানের একদল লোক আব্দুল্লাহপুরে এসে তিনটি মাইক্রোবাস ও তিনটি প্রাইভেট কার ভাঙচুর করে। শুক্রবার সকাল ৮টার দিকে সিরাজদিখানের খাসকান্দি, দক্ষিণ পাইনারচর, বালুরচর, চরগুলগুলিয়া গ্রামের মানুষজন লাঠিসোঁটা ও টেটা নিয়ে আব্দুল্লাহপুর এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ওই সময় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। তবে সকাল সাড়ে ১০টার পর থেকে গাড়ি চলাচল শুরু হয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩০৫ ঘ.