কুমিল্লা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-'৭২-এর সংবিধান ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক নয় বলে মনে করেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
তিনি বলেছেন, "এ সংবিধানে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছে। অথচ স্বার্থান্বেষী মহল ইসলামকে ধংসের ষড়যন্ত্র হচ্ছে বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা মিথ্যা বলে ধর্মকে সরকারের মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছে।"
বৃহস্পতিবার কুমিল্লা আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবি সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
তিনি আরো বলেন, "সংবিধানের রক্ষক ও অভিভাবক হলেন সুপ্রিম কোর্ট। সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্ট পঞ্চম সংশোধনী বাতিল, বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসাবে পালনের রায় দিয়ে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।"
তথ্য সুরক্ষা আইন প্রণয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ জানিয়ে মন্ত্রী বলেন, অনেক দেশে এ আইনের প্রচলন রয়েছে। ওই সব দেশ থেকে তথ্য সংগ্রহ করে তথ্য সুরক্ষা আইন করা হবে।
তিনি আরো বলেন, মামলার জট নিরসনে পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা সরকারের রয়েছে। সরকার বিরোধ নিষ্পত্তির বিকল্প ব্যবস্থা হিসেবে আদালতের বাইরে বহু বিরোধ নিস্পত্তির ব্যবস্থা করবে। তখন মামলার সময় কমে যাবে।
তিনি বলেন, আইনজীবিদেরও সুযোগ-সুবিধা দেওয়া সরকারের দায়িত্ব। সরকার সব জেলায় বিচার বিভাগীয় আদালত ভবন করার পরিকল্পনা করছে।
এর মধ্যে কুমিল্লায় ২২ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ১২তলা বিশিষ্ট আদালত ভবনের কাজ এ বছরই শুরু হবে বলে মন্ত্রী আশ্বাস দেন।
কুমিল্লা জেলা আইনজীবি সমিতির সভাপতি আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মুজিবুল হক মুজিব, সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, জোবেদা খাতুন পারুল প্রমুখ।
এর আগে আইনমন্ত্রী ৩ কোটি টাকা ব্যয়ে কুমিল্লা জেলা সাব-রেজিষ্ট্রি কার্যালয় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কুমিল্লা সার্কিট হাউসে আইনজীবিদের সঙ্গে মতবিনিময় করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪০ ঘ.
bdnews24