২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনার ভাঙনের কবলে দুই কারখানা

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি শিপইয়ার্ড ও একটি সিমেন্ট কারখানার বেশি কিছু জমি মেঘনায় বিলীন হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2010, 03:18 PM

Updated : 24 Aug 2022, 07:14 PM

নারায়ণগঞ্জ, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি শিপইয়ার্ড ও একটি সিমেন্ট কারখানার বেশি কিছু জমি মেঘনায় বিলীন হয়ে গেছে। বুধবার রাতে আকস্মিক নদী ভাঙ্গনে প্রতিষ্ঠান দুটি জমি ধসে পড়তে শুরু করলে শ্রমিক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছোটাছুটি করতে গিয়ে প্রতিষ্ঠান দুটির অন্তত ১০ জন আহত হন বলে কারখানা দুটির কর্তৃপক্ষ জানিয়েছে। এ ঘটনার জন্য প্রতিষ্ঠান দুুটি পরস্পরকে দায়ী করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। এ ব্যাপারে সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী সাংবাদিকদের বলেন, নদীতে দেওয়া দুটি প্রতিষ্ঠানের গাইড দেয়ালসহ কিছু জমি নদীগর্ভে তলিয়ে গেছে। দুটি প্রতিষ্ঠানই ঘটনার জন্য একে অপরকে দায়ী করে থানায় পাল্টাপাল্টি জিডি করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে তিনি জানান। কারখানা দুটি শ্রমিক-কর্মচারীরা জানান, বুধবার রাত ১০টায় মেঘনা শিল্পাঞ্চলের জাহাজ রপ্তানিকারক প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্র"পের টাইগার ব্র্যান্ড সিমেন্ট কারখানার নিরাপত্তা দেয়ালসহ বেশকিছু জমি ভেঙ্গে মেঘনা নদীতে তলিয়ে যায়। ওসি জানান, আনন্দ শিপইয়ার্ডের জিডিতে বলা হয়, অপরিকল্পিত ও অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করে টাইগার সিমেন্ট কারখানা জমি ভরাট করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্যদিকে টাইগার সিমেন্ট কর্তৃপক্ষের করা জিডিতে বলা হয়, আনন্দ শিপইয়ার্ড জাহাজ রাখার জন্য অবৈধভাবে নদী খনন করায় তাদের প্রতিষ্ঠানের বিশাল অংশ ভাঙ্গনে তলিয়ে গেছে। আনন্দ শিপইয়ার্ডের ব্যবস্থাপক (প্রশাসন) মিজানুর রহমান জানান, ভাঙ্গনে জাহাজ নির্মাণের জন্য আমদানি করা কোটি টাকা মূল্যের লোহার স্ক্যাপসহ বিভিন্ন সামগ্রী নদীগর্ভে তলিয়ে গেছে। তিনি দাবি করেন, তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। ভাঙ্গন অব্যাহত থাকলে জাহাজ নির্মাণ কাজ বন্ধ হয়ে যাবে। যথাসময়ে কাজ শেষ করতে না পারলে বাতিল হয়ে যাবে ক্রয় আদেশ। ক্ষতি হতে পারে শত কোটি টাকা। টাইগার সিমেন্ট কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) এমএ হাকিম সরকারসহ কর্মকর্তারা দাবি করেছেন তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৪ ঘ.