বরগুনা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগরে দুই জেলেকে কুপিয়ে হত্যা করেছে জলদস্যুরা।
গত ২৪ ফেব্রুয়ারি পটুয়াখালীর রাঙাবালি উপজেলাধীন বঙ্গোসাগরের ঢালচর নামক স্থানে জলদস্যুরা এফবি আল মদিনা-২ নামের মাছ ধরার ট্রলারে হানা দেয়। তাদের হামলায় আরো বেশ কয়েকজন জেলে আহত হয়েছেন।
দস্যুরা মাছ, মাছ ধরার জাল, খাবার ও জ্বালানি তেল লুট করার পর ইঞ্জিন বিকল করে দিয়ে চলে যায়। প্রায় সাতদিন সাগরে ভাসার পর বিকল ট্রলারটি বৃহস্পতিবার সোনারচরের কাছে এলে অন্য জেলেরা আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায় বলে জানিয়েছেন দস্যুদের কবলে পড়া ট্রলারের মাঝি বাবুল হোসেন।
নিহতরা হলেন- বরগুনা সদর উপজেলার ডেমা গুলিশকালী গ্রামের ইউসুফ আলী সরদারের ছেলে ফারুক হোসেন (৩৫) ও আমির আলীর ছেলে আয়নাল হক (৩২)।
সদর হাসাপাতালে চিকিৎসাধীন মাঝি বাবুল সাংবাদিকদের জানান, উপজেলার কুমড়াখালী গ্রামের খলিলুর রহমানের মালিকাধীন এফ বি আল মদিনা-২ ট্রলারের ১৬ জেলে সাগরে মাছ ধরার সময় ২৪ ফেব্রুয়ারি জলদস্যুদের কবলে পড়ে। দস্যুরা রামদা দিয়ে জেলেদের এলোপাথাড়ি আঘাত করে। এতে প্রায় সঙ্গে সঙ্গে ফারুক ও আয়নাল মারা যান।
আহতদের আরো আছেন- রুস্তুম আলী, আবদুর রহিম, ফজলুল হক, আবু হানিফ, মনির হোসেন ও আবুল বাশার।
বরগুনা সদর থানার ওসি মো. বাবুল আখতার ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত দুই জেলের লাশ ময়না তদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মাহবুব হাকিম জানান, এ ঘটনায় বরগুনা সদর ও পটুয়াখালীর রাঙাবালি থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৩ ঘ.
bdnews24