ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশিকার প্রধান কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে ওই ভবনে আবারও তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ।
বেসরকারি এ প্রতিষ্ঠানের কর্মীরা বৃহস্পতিবার সকালে মিরপুর ২ নম্বরের ওই ভবনে ঢুকতে গিয়ে তালাবদ্ধ অবস্থায় দেখে বাইরে অবস্থান নিয়ে আছেন। তারা ভবন খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভও করছেন।
প্রশিকার পরিচালক (মাইক্রো ক্রেডিট) আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গভীর রাতে পুলিশ এসে ভবনের সবাইকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয়।"
প্রশিকার নিয়ন্ত্রণ নিয়ে প্রতিষ্ঠানের সাবেক চেয়ারম্যান কাজী ফারুক আহমেদ এবং বর্তমান পরিচালনা পর্ষদের বিরোধ চলছে। এ নিয়ে সংঘাতও হয়, বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে গত জানুয়ারিতে একবার ভবনের নিয়ন্ত্রণ নেয় পুলিশ।
পরে হাইকোর্টের নির্দেশে বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তার হাতে চাবি তুলে দেয় পুলিশ। কিন্তু কাজী ফারুকের আবেদনে আপিল বিভাগ বুধবার হাইকোর্টের আদেশ স্থগিত করে। এরপরই আবার কার্যালয়টির নিয়ন্ত্রণ নিলো পুলিশ।
এ বিষয়ে পল্লবী থানার উপপরিদর্শক আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের নির্দেশের পর যে কোনো ধরনের গোলযোগ এড়াতে ভবনের নিয়ন্ত্রণ পুলিশ নিয়েছে। আদালতের নির্দেশনা পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১১০০ ঘ.
bdnews24