ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই মঞ্চ থেকে পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী প্রত্যাহারের দাবি জানিয়েছেন পাহাড়ি ও বাঙালিরা।
বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে আগ্রাসন প্রতিরোধ আন্দোলনের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আকমল হোসেন বলেন, সেনাবাহিনী মোতায়েনের আগে পার্বত্য চট্টগ্রামে আশান্তি ছিল না। তাই শান্তি ফিরিয়ে আনতে হলে সবার আগে সেখান থেকে সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে।
সাজেক ভূমি রক্ষা কমিটির আহবায়ক জ্ঞানবিন্দু চাকমা বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও আদিবাসীরা স্বাধীন হতে পারেনি। একটি মহল নিজেদের স্বার্থে এটা করছে।
গত ১৯ ও ২০ ফেব্র"য়ারি তুচ্ছ ঘটনাকে পরিকল্পিতভাবে বড় করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি বাতায়ন চাকমা বলেন, পাহাড়ে সেনাশাসন রেখে সরকার এক দেশে দুই নীতি চালাচ্ছে। আর সেনাবাহিনী সেখানে অপরিসীম ক্ষমতা পেয়ে খুন, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধ করে চলেছে।
অবিলম্বে এদের থামাতে না পারলে পার্বত্য সঙ্কট কাটবে না বলে মত দেন তিনি।
পাহাড়ের গণহত্যা নিয়ে প্রাচ্যনাটের পরিবেশনায় নাটিকা 'সড়েন' পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে আদিবাসীদের বিভিন্ন ভাষা ও বাংলায় প্রতিবাদী গান পরিবেশন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.
bdnews24