ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আটকেপড়া পাকিস্তানিদের পুনর্বাসনে মোহাম্মদপুরে ১৫ তলা বিশিষ্ট ৪৫টি দালান তৈরির পরিকল্পনা করছে ঢাকা সিটি কর্পোরেশন।
পরিকল্পনা বাস্তবায়িত হলে তাতে স্থান পাবে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের ৫ হাজার ৬৬৭ পরিবারের সাড়ে ৩৮ হাজার সদস্য।
জেনেভা ক্যাম্প ও টাউন হল এলাকার ছয়টি ক্যাম্পের প্রায় ১৫ একর জমির ওপর দালান তৈরির এ প্রকল্প বুধবার স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় উপস্থাপন করা হয়।
স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এ প্রকল্পের প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও বিয়োজনের বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন।
প্রস্তাবটি দ্রুত চূড়ান্ত করে মন্ত্রণালয়ে উপস্থাপনের জন্যও নির্দেশ দেন মন্ত্রী।
একনেকের অনুমোদন পাওয়া গেলে প্রায় ১ হাজার ২৫৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ডিসিসিই এ প্রকল্পটি বাস্তবায়ন করবে।
সভায় ডিসিসি'র পক্ষে স্থাপত্য বিষয়ক নকশা প্রণেতা প্রতিষ্ঠান 'ডানা মিডিয়া' প্রকল্পের বিভিন্ন তথ্য তুলে ধরে।
উপস্থাপনায় বলা হয়, জেনেভা ক্যাম্পের ৪০ দশমিক ১১ বিঘা এবং টাউন হল ক্যাম্পের ৪ দশমিক ০৩ বিঘা জমির ওপর প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এতে ১৫ তলা বিশিষ্ট মোট ৪৫টি ভবন নির্মাণ করা হবে। প্রতিটি ফ্লোরে ৫৭৫ বর্গফুট আয়তনের নয়টি করে ফ্লাট হবে। শুরুর চার বছরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হবে।
ফ্ল্যাটগুলোতে দুটি শয়ন কক্ষ, একটি টয়লেট, একটি ডাইনিং বা কমন স্পেস, একটি রান্নাঘর, একটি বারান্দা এবং একটি করিডোর থাকবে। প্রতিটি ভবনে দুটি করে লিফট ও দুটি করে সিড়ির ব্যবস্থা থাকবে। ভবনগুলোর নিচের তলা খোলা থাকবে। যা শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মার্কেট অথবা কমিউনিটি স্পেস হিসেবে ব্যবহার করা যাবে।
প্রস্তাবিত প্রকল্পের প্রস্তাবনায় বলা হয়েছে, সরকারি ভূমি বলে এক্ষেত্রে জমির দাম লাগবে না। ভবন নির্মাণের জন্য ব্যয় হবে ৭৩২ কোটি ৬২ লাখ টাকা।
প্রকল্প চলাকালে ক্যাম্পে বসাবাসকারীদের মোহাম্মদপুরের পশ্চিম পাশের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকায় পুনর্বাসনে ব্যয় হবে ২ কোটি টাকা।
স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ এ প্রকল্প বাস্তবায়নের ফলে খালি হওয়া অন্য জায়গাগুলো ব্যবহার সম্পর্কিত প্রস্তাব তৈরি করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
বাংলাদেশে আটকেপড়া পাকিস্তানির সংখ্যা আড়াই লাখ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে তাদের ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হলেও '৯০ এর দশকে এক দফায় কিছু লোককে ফিরিয়ে নেওয়ার পর পাকিস্তান এ বিষয়ে আর সাড়া দেখায়নি।
রাজধানীর মোহাম্মদপুর এবং মিরপুরসহ দেশের কয়েকটি স্থানে ক্যাম্পে তারা মানবেতর জীবন কাটাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭০০ ঘ.
bdnews24