২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রব বাংলাদেশের অঙ্গ: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী এক সময়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আসম আব্দুর রবকে বাংলাদেশের একটি অঙ্গ অভিহিত করে বলেছেন, তাকে বাদ দিয়ে কিছু করা যাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2010, 04:41 PM

Updated : 24 Aug 2022, 07:11 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী এক সময়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আসম আব্দুর রবকে বাংলাদেশের একটি অঙ্গ অভিহিত করে বলেছেন, তাকে বাদ দিয়ে কিছু করা যাবে না। তিনি বলেন, তাকে (রবকে) বাদ দিতে হলে বাংলাদেশের পতাকাকে বাদ দিতে হবে। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে মঙ্গলবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) আলোচনা সভায় সাবেক আওয়ামী লীগ নেতা কাদের বলেন, "রবকে বাদ দিয়ে কোনো কিছু করতে আরেকটি বাংলাদেশ সৃষ্টি করতে হবে। যারা রবসহ মুক্তিযুদ্ধের অগ্রনায়কদের বাদ দিয়ে সবকিছু করতে চায় তাদের সেই মুরোদ নেই। "স্বাধীনতার আগে ও পরে যারা রবের জুতা টানতেন, তারাও এখন জুতা পড়ে আমাদের মাথার ওপর দিয়ে হাঁটতে চান। তাদের এতটাই ধৃষ্টতা বেড়েছে। কিন্তু এর ফলাফল কখনোই শুভ হবে না।" সভায় আসম আব্দুর রব মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে 'স্বাধীনতা' অর্জিত হলেও জনগণের 'মুক্তি' অর্জিত হয়নি। আসম আব্দুর রব, নূরে আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন ও শাজাহান সিরাজকে অনেকে ব্যঙ্গ করে চার খলিফা বলেন উল্লেখ করে রব বলেন, তারা ছাত্র থেকেই ছিলেন জাতীয় নেতা। যে কোনো কিছুই করার ক্ষমতা তখন তাদের ছিল। তারা না থাকলে বাংলাদেশের স্বাধীনতা হতো কিনা, সন্দেহ। জাসদের (রব) সহ-সভাপতি এমএ গোফরানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উল্যাহ, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, জানিপপ চেয়ারম্যান নাজমুল আহসান কলিমউল্যাহ, জাসদের সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ। বক্তারা আগামী বছর থেকে পতাকা উত্তোলন দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করার দাবি জানিয়েছেন। ১৯৭১ সালে এই দিনে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আসম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। দেশ স্বাধীন হওয়ার পর গঠিত জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/জিএনএ/২২২৫ ঘ.