রাঙামাটি, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাঙামাটির জুড়াছড়ির উপজেলা সদরে অজ্ঞাত অস্ত্রধারীদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্য নিহত হয়েছেন।
এই হত্যাকাণ্ডের জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছে ইউপিডিএফ। তবে জনসংহতি সমিতি এ অভিযোগ অস্বীকার করেছে।
মঙ্গলবার বিকালে উপজেলার ছটপুদি ঘাটে পাঁচ/ছয় জনের এক দল অস্ত্রধারী পার্বত্য শান্তিচুক্তি বিরোধী ইউপিডিএফ'র এই দুজনকে গুলি করে বলে জুড়াছড়ি থানার ওসি রফিকুল ইসলাম।
নিহতরা হলেন- রাজু চাকমা (২৬) ও দেমপেদা চাকমা (১৯)।
গুলিতে লক্ষ্মীরাজ চাকমা নামে এক জেলেও আহত হয়েছেন।
জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট মাসুদ-উল হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ওসি জানান, বিকাল সাড়ে ৫টার দিকে জুড়াছড়ি উপজেলার ছটপুদি ঘাট (লঞ্চ ঘাট) এলাকা থেকে অটোরিকশায় করে উপজেলা সদরের বনযোগীছড়ার ধামাইপাড়া যাচ্ছিলেন ইউপিডিএফ'র এই দুই সদস্য।
নিহত দুজনের বাড়ি উপজেলার ছোট পানছড়ি এলাকায়।
আহত জেলে লক্ষ্মীরাজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইউপিডিএফ'র রাঙামাটি জেলা সমন্বয়ক শান্তি দেব চাকমার ঘটনার জন্য জনসংহতি সমিতির সন্তু গ্র"পকে দায়ী করেন
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের সংগঠন যখন পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের 'মুক্তির' জন্য গণতান্ত্রিকভাবে আন্দোলন সংগ্রাম করছে তখন জনসংহতি সমিতির অস্ত্রধারীরা এই হামলা চালালো।
তিনি ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।
শান্তিচুক্তির পক্ষের পার্বত্যাঞ্চলের রাজনৈতিক দল জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমার বলেন, ইউপিডিএফ নিজেদের অপকর্ম ঢাকার জন্য জনসংহতি সমিতির বিরুদ্ধে বানোয়াট অভিযোগ করছে।
পার্বত্যাঞ্চলে স্বায়ত্তশাসনের দাবিতে শান্তিবাহিনী নামের একটি সশস্ত্র সংগঠন প্রায় দুই দশক ধরে লড়াই সংগ্রাম করে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় শান্তিচুক্তির মধ্য দিয়ে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় ওরফে সন্তু লারমার নেতৃত্বে শান্তিবাহিনী অস্ত্রত্যাগ করে। গঠন করা হয় রাজনৈতিক দল জনসংহতি সমিতি।
চুক্তির বিরোধিতা করে দলের একাংশ ইউপিডিএফ নামে আরেকটি সংগঠন করে।
অন্যদিকে জনসংহতি সমিতি সংস্কারপন্থী হিসাবে পরিচিত একটি গ্র"প রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৩ ঘ.
bdnews24