ফরিদপুর, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরে পদ্মা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় আহত হয়েছেন পাঁচযাত্রী।
পুলিশ আট ডাকাতকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার সকালে জেলার চরভদ্রাসন উপজেলার আব্দুল গফুরডাঙ্গি গ্রাম সংলগ্ন নদীতে ট্রলারটি ডাকাতের কবলে পড়ে।
ট্রলারটি ১১০ যাত্রী নিয়ে ঢাকার দোহার উপজেলার মান্দারতলা ঘাট থেকে চরভদ্রাসনের গোপালপুর ঘাটে যাচ্ছিল বলে চরভদ্রাসন থানার উপ পরিদর্শক (এসআই) মো. মজিবর রহমান জানান।
যাত্রীদের বরাত দিয়ে তিনি জানান, ১৩ সদস্যের ডাকাতদলটি স্পিডবোটে করে এসে ট্রলারে হানা দেয়।
তারা অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে প্রায় চার লাখ টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার ও ৪০টি মোবাইল ফোন সেটসহ প্রায় আট লক্ষাধিক টাকার জিনিসপত্র লুট করে বলে অভিযোগ পাওয়া গেছে।
এসআই মজিব জানান, খবর পেয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ডাকাতদের ধাওয়া করে। পার্শ্ববর্তী সদরপুর উপজেলার চৌধুরী হাটখোলা এলাকায় পদ্মার চরে কাশবনে লুকিয়ে থাকা আট ডাকাতকে আটক করা হয়।
এরা হলেন- টিটু মিয়া (১৮), জলিল ওরফে আরিফ (২৮), সানোয়ার মাতুব্বর (২৮), আজিজুল ইসলাম (২৫), সোহানুর রহমান (২৬) মিজানুর রহমান (৩০), আমীর হোসেন (২৫) ও আনোয়ার হোসেন (২৮)।
ডাকাতদের হামলায় আহত পাঁচ যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
চরভদ্রাসনের ইউএনও আব্দুর রশীদ সাংবাদিকদের বলেন, আটক ডাকাতদের কাছ থেকে আটটি মোবাইল ফোন সেট ও একটি কানের দুল উদ্ধার করা হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৮ ঘ.
bdnews24