রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখদুম (এসএম) হলের ছাত্রশিবির নিয়ন্ত্রিত বিভিন্ন কক্ষ থেকে পাঁচটি হাতে তৈরি বোমা উদ্ধার করা হয়েছে।
এছাড়া প্রায় তিন হাজার জিহাদি বই, চারটি টেলিফোন সেট এবং বেশ কয়েকটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন এবং পুলিশ যৌথভাবে শিবির নিয়ন্ত্রিত ১২টি কক্ষ তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করে।
পরে কক্ষগুলো সিলগালা করে দেওয়া হয় বলে জানিয়েছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দুলাল চন্দ্র রায়।
গত ৮ ফেব্র"য়ারি রাতে জামায়াত সমর্থক শিবিরকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে হামলা চালায়। হামলায় এসএম হলের ছাত্র ও ছাত্রলীগকর্মী ফারুক হোসেন খুন হন।
পরদিন সকালে এসএম হলের পাশের একটি ম্যানহোলে থেকে ফারুকের লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক দুলাল চন্দ্র সাংবাদিকদের জানান, সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তল্লাশি চলে। হলের শিবির নিয়ন্ত্রিত কক্ষগুলোতে অস্ত্র মজুদ আছে বলে সাধারণ ছাত্রদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, প্রক্টরিয়াল বডি, হল প্রশাসনের উপস্থিতিতে শিবিরকর্মী এহসানের কক্ষ থেকে দুটি, মিজানুর রহমান শিহাবের কক্ষ থেকে দুটি ও ২৩৯ নম্বর কক্ষ থেকে একটি বোমা উদ্ধার করে পুলিশ।
বোমাগুলো টিনের কৌটা দিয়ে তৈরি এবং লাল টেপ দিয়ে মোড়ানো। বোমাগুলো থানা হেফাজতে নিয়ে নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, হল শাখা শিবির সভাপতি আহাদ আলীর কক্ষের একটি আলমারি থেকে বিভিন্ন জিহাদি বই ও একটি চেয়ার, সাধারণ সম্পাদক আমিনুল হকের কক্ষ থেকে চারটি ইন্টারকম টেলিফোন সেট, একটি স্টিলের আলমারি ও বেশকিছু জিহাদি বই, লোহার রড ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার হয়।
এছাড়া শিবির নিয়ন্ত্রিত আরো সাতটি কক্ষ থেকে জিহাদি ও ইসলামী বই, ৭/৮টি লোহার রড, বেশকিছু লাঠিসোটা, চাঁদা আদায়ের রশিদ, শিবিরের ব্যবহৃত বিভিন্ন কাগজপত্র ও দুটি বেঞ্চ উদ্ধার করা হয়।
ওসি জানান, এ ব্যাপারে বিকেল ৫টা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
এর আগে ছয়টি হলের শিবির নিয়ন্ত্রিত বিভিন্ন কক্ষ থেকে বোমা, বোমা তৈরির সরঞ্জাম, লোহার রড, বিপুল সংখ্যক জিহাদি ও ইসলামী বই, লাঠিসোটা, হলে অবস্থানরত ছাত্রলীগ নেতাকর্মীদের নামের তালিকাসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়।
এসব কক্ষের শিবির নেতাকর্মীরা পলাতক রয়েছে।
প্রক্টর ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, হলে বিস্ফোরক দ্রব্য মজুদ ও বিভিন্ন বেআইনি জিনিসপত্র মজুদকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৬ ঘ.
bdnews24