২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনে মৃত্যুর জন্য কর্তৃপক্ষ দায়ী: প্রতিবেদন

গাজীপুরের গরীব এন্ড গরীব সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডে ২১ শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানা কর্তৃপক্ষকে দায়ী করেছে তদন্ত কমিটি। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2010, 12:34 PM

Updated : 24 Aug 2022, 07:11 PM

গাজীপুর, মার্চ ০২ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের গরীব এন্ড গরীব সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডে ২১ শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানা কর্তৃপক্ষকে দায়ী করেছে তদন্ত কমিটি। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের করা কমিটি মঙ্গলবার প্রতিবেদন দিয়েছে। জেলা প্রশাসকের কাছে দেওয়া প্রতিবেদনে শ্রমিকদের মৃত্যুর জন্য চারটি কারণ উল্লেখ করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ১৯টি সুপারিশ করেছে। গত বৃহস্পতিবার রাতে গাজীপুর সদর উপজেলার ভোগড়া এলাকায় গরীব এন্ড গরীব সোয়েটার কারখানায় আগুন লাগে। এ ঘটনায় ২১ শ্রমিক মারা যান। তবে তাদের কেউই অগ্নিদগ্ধ হননি। বিশেষজ্ঞরা বলেছেন, ধোঁয়া বের হওয়ার পথ না থাকায় শ্রমিকরা এর শিকার হয়ে মারা গেছেন। ওই রাতেই অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. হাসান সারওয়ারকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করেন জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন তালুকদার। কমিটির অপর দুই সদস্য হলেন- অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মিজানুর রহমান ও গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কামাল উদ্দিন প্রতিবেদনের বিভিন্ন তথ্য সাংবাদিকদের জানান। প্রতিবেদনে কারখানাটির ব্যস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদের সদস্যদের দায়ী করা হয়েছে। মৃত্যুর চার কারণ প্রতিবেদনে বলা হয়, কারখানা ভবনের দ্বিতীয় তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত সব কক্ষের জানালা বন্ধ থাকায় এবং ভবনটির ছাদ ইস্পাত কাঠামো দিয়ে মোড়ানো থাকায় সৃষ্ট ধোঁয়া বের হওয়ার পথ ছিল না। আগুনে এসব তলার কক্ষগুলো অক্সিজেন শূন্য হয়ে পড়ে এবং শ্রমিকরা শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। ভবনটি ষষ্ঠ তলা পর্যন্ত নির্মাণের অনুমোদন থাকলেও কর্তৃপক্ষ সাত তলা পর্যন্ত করেছে। দ্বিতীয়ত- প্রতিটি তলায় অগ্নিনির্বাপক যন্ত্র থাকলেও এর জন্য সার্বক্ষণিক কর্মী ছিল না। ঘটনার সময় বেশির ভাগ শাখা বন্ধ থাকায় অগ্নিনির্বাপন কাজে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারিরা অনুপস্থিত ছিল। ফলে বিভিন্ন তলায় রক্ষিত অগ্নিনির্বাপন যন্ত্রগুলো ব্যবহার করা হয়নি। তৃতীয়ত, আগুন লাগার সঙ্গে সঙ্গে নিচ তলায় অবস্থানরত বিদ্যুতকর্মী কারখানার বৈদ্যুতিক ও বিদ্যুতের বিকল্প উৎস-আইপিএস সংযোগ বন্ধ করে দেয়। সপ্তম তলায় 'উইন্ডিং' শাখা, প্রার্থনার জায়গা ও অপর একটি কক্ষ বাদে বাকি জায়গা জিনিসপত্রে ভরা ছিল। এ কারণে ওই শাখায় কর্মরত কর্মীরা বাইরে বের হওয়ার সুযোগ পাননি। চতুর্থত, কারখানার দু'টি সিঁড়ির বাইরের দিকের অংশ লোহার গ্রিল ও কাচ দিয়ে বন্ধ ছিল। এ কারণে দ্বিতীয় থেকে সপ্তম তলা পর্যন্ত ধোঁয়া বাইরে বের হওয়ার পথ পায়নি। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ তদন্ত প্রতিবেদনে ঘটনার সংক্ষিপ্ত বিবরণও তুলে ধরা হয়। এতে বলা হয়, কারখানার দ্বিতীয় তলার সুইচ বোর্ডে শর্ট শার্কিটের কারণে আগুনের সূত্রপাত। এখানে তৈরি সুয়েটারে আগুন ধরে পুরো তলায় ছড়িয়ে পড়ে। একজন নিরাপত্তাকর্মী হোস্পাইপ দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তা ফলপ্রসু হয়নি। ওই সময় কারখানা ছুটি থাকায় দ্বিতীয়, তৃতীয় ও সপ্তম তলা ছাড়া অন্য কোনো তলায় কর্মকর্তা-কর্মচারী-শ্রমিক কেউ ছিল না। পঞ্চম ও ষষ্ঠ তলা ছিল তালাবদ্ধ। আগুনের কারণে সৃষ্ট ধোঁয়া শ্বাস বন্ধ হয়ে সপ্তম তলায় ১৮ জন ও তৃতীয় তলায় তিনজন শ্রমিক মারা যান। এছাড়া তৈরি সুয়েটার, যন্ত্রপাতি, আসবাবপত্র, বৈদ্যুতিকসামগ্রী ও পোশাক তৈরির সরঞ্জাম বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। মালের বিবরণ না পাওয়ায় এবং ক্ষয়ক্ষতি নির্ধারণের বিষয়টি সময় সাপেক্ষ হওয়ায় আর্থিক মূল্যায়ন সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সুপারিশ ঘটনার জন্য কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদের সদস্যদের দায়ী করে তাদের বিরুদ্ধেআইননানুগ ব্যবস্থাগ্রহণ, সপ্তম তলার ইস্পাত কাঠামো অপসারণ, কারখানা দ্রুত চালুর ব্যাবস্থা, সহজেই অপসারণ যোগ্য গ্রিল ও কাচ লাগানোর ব্যবস্থা, সার্বক্ষণিকভাবে প্রশিক্ষিত অগ্নিনির্বাপন ও বিদ্যুতকর্মী মোতায়েন, উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটি তলায় ধোঁয়া নিরোধক সিঁড়ি (ফায়ার স্কেপ) স্থাপন, প্রতি তলায় ব্যাটারিচালিত আইপিএস স্থাপন ইত্যাদি। অগ্নিকাণ্ডের ঘটনায় জেলা প্রশাসন ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) তদন্ত কমিটি করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনি সদস্যের কমিটি তদন্ত কাজ করছে বলে জানিয়েছেন কমিটির সদস্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিসেফন্স অধিদপ্তরের উপ-পরিচালক এম আবদুস সালাম। এ কমিটির আহ্বায়ক হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পুলিশ) আবু হেনা মো. রহমাতুল মুনিম। অপর সদস্য হলেন- গাজীপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, বিজিএমইএ'র তদন্ত কমিটির আহবায়ক মো. আতিকুল ইসলাম জানান, তাদের তদন্ত প্রতিবেদনও (আজ) মঙ্গলবার জমা দেওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৬ ঘ.