২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারকে বিপাকে ফেলতেই পাহাড়ে সহিংসতা: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারকে বিপাকে ফেলতেই পাহাড়ে সহিংস ঘটনা ঘটানো হয়েছে দাবি করে এর জন্য বিরোধী দলকে দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2010, 11:51 AM

Updated : 24 Aug 2022, 07:12 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারকে বিপাকে ফেলতেই পাহাড়ে সহিংস ঘটনা ঘটানো হয়েছে দাবি করে এর জন্য বিরোধী দলকে দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি আরো বলেছেন, খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বোমা হামলার ঘটনাটিও সাজানো। মঙ্গলবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, "যারা চায় না দেশে স্বাধীনতার সপক্ষ শক্তির সরকার থাকুক তারাই এসব (পাহাড়ে সহিংসতা) করছে।" ভূমি নিয়ে বিরোধের জের ধরে গত ১৯ ও ২০ ফেব্র"য়ারি রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে অন্তত তিনজন পাহাড়ি নিহত হয়। পরে খাগড়াছড়িতে সংঘাতে মারা যায় এ বাঙালি। সোমবার 'সাজেক ভূমি রক্ষা কমিটি' নামে পাহাড়িদের একটি সংগঠন সংঘর্ষ ও প্রাণহানির জন্য সেখানে মোতায়েন সেনাবাহিনী এবং বসতিস্থাপনকারী বাঙালিদের দায়ী করে। অন্যদিকে সেখানকার বাঙালি সংগঠনগুলো দায়ী করে আসছে পাহাড়িদের। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "ষড়যন্ত্রকারীরা বর্তমান সরকারকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করে যাচ্ছে। বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটিয়ে তারা দুই মাস বয়সি সরকারকে উৎখাত করতে ব্যর্থ হয়ে একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে।" কারা ষড়যন্ত্রে জড়িত- জানতে চাওয়া হলে তিনি বলেন, তদন্তের পর তাদের নাম প্রকাশ করা হবে। বিরোধীদলীয় নেতা খালেদার কার্যালয়ের সামনে বিস্ফোরণের বিষয়ে সাহারা বলেন, "খালেদা জিয়ার অফিসে নিজেরাই বোমা ফাটিয়ে সরকারের ওপর দোষ চাপাচ্ছে।" বিস্ফোরণের পর উদ্বেগ প্রকাশ করে বিএনপি খালেদা জিয়ার নিরাপত্তার জন্য এসএসএফ চেয়ে আসছে। তবে পুলিশ বলছে, ওই ঘটনা বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আখতার হামিদ পবনের সাজানো। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুও দাবি করেন, বিরোধীরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, "রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকে হত্যা এবং অন্যদের হাত ও পায়ের রগ কেটে স্বাধীনতাবিরোধীদের ছাত্র সংগঠন ছাত্রশিবিরের মাধ্যমে সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাওয়া হয়েছিলো। তাতে ব্যর্থ হয়ে জামায়াতে ইসলামী পার্বত্য চট্টগ্রামে সহিংস ঘটনা ঘটিয়েছে।" তিনি বলেন, "যারা শান্তি চুক্তি মেনে নিতে পারেনি। যারা বলেছিল- শান্তি চুক্তি হলে ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে, তারাই আজ পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টি করেছে। পাহাড়ি-বাঙালিদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করে স্বার্থ হাসিলের চেষ্টা করছে।" এ ঘটনার জড়িতদের কাউকে ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দেন টুকু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এমআই/১৭৩৫ ঘ.