২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানা ভাংচুর: গাজীপুরে গ্রেপ্তার ৯

গাজীপুর সদরের কোনাবাড়ি এলাকার একটি পোশাক কারখানায় ভাংচুরের ঘটনায় ৯৩ শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2010, 10:41 AM

Updated : 24 Aug 2022, 07:12 PM

গাজীপুর, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর সদরের কোনাবাড়ি এলাকার একটি পোশাক কারখানায় ভাংচুরের ঘটনায় ৯৩ শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাতে করা এই মামলায় আরো ৭-৮শ' শ্রমিককে আসামি করা হয়েছে। এই মামলায় পুলিশ মঙ্গলবার সকাল পর্যন্ত নয় শ্রমিককে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন কোনাবড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মো. আজহারুল ইসলাম। ঈদে মিলাদুন্নীব'র সরকারি ছুটি না দেওয়ার প্রতিবাদে এবং বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে রোববার সকালে ইসলাম নামের এই পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও ভাংচুর করে। এসআই আজহার সাংবাদিকদের জানান, কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম বাদি হয়ে মামলাটি করেছেন। ১০ কোটি টাকা ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে জয়দেবপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয়। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে কোনাবাড়ি ও জরুন এলাকায় অভিযান চালিয়ে নয় শ্রমিককে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলে- ময়মনসিংহের ফয়সাল (৩০), লালমনিরহাটের আলমগীর (২২), সিরাজগঞ্জের মামুন (২০), জামালপুরের লাভলু (২০), ফেনীর মুনসুর আলী (২০), কিশোরগঞ্জের জাহাঙ্গীর (২০), টাঙ্গাইলের ইছহাক (২৬), যশোরের মনির হোসেন (২২), গাইবান্ধার তছির মিয়া (২২)। সাতদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানিয়ে পুলিশ গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে গাজীপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে পাঠানো হয়। আদালত পরিদর্শক রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাকিম আশরাফুল ইসলাম আগামীকাল জিজ্ঞাসাবাদের আবেদনের শুনানির দিন ধার্য করে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ কর্মকর্তা আজহার জানান, মামলায় অভিযোগ করা হয়েছে- কারখানার কিছু 'উচ্ছৃঙ্খল' শ্রমিক ১০ কর্মকর্তা ও কয়েকজন কর্মচারিকে মারধর করে। তারা কারখানায় 'ব্যাপক' ভাংচুর ও নগদ পাঁচ লাখ ৬৮ হাজার টাকাসহ ২০ লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়। গ্রেপ্তারকৃত ফয়সাল, মামুন ও মনির পুলিশের জিজ্ঞাসাবাদে ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪০ ঘ.